শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে কোটি টাকার সড়ক মেরামতের পরই পিচ উঠে গেল, ক্ষতিগ্রস্ত অংশ ঠিক করতে ঠিকাদারকে সময় বেঁধে দিল এলজিইডি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:৪৫ পিএম
চাঁদপুরে কোটি টাকার সড়ক মেরামতের পরই পিচ উঠে গেল, ক্ষতিগ্রস্ত অংশ ঠিক করতে ঠিকাদারকে সময় বেঁধে দিল এলজিইডি

চাঁদপুর সদর উপজেলার নতুন কারাগার (আশিকাটি ইউনিয়ন পরিষদ)–মৈশাদী ইউনিয়ন পরিষদ সড়কের মেরামতকাজ সম্পন্ন হওয়ার পর সড়কটি পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি), চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. নূরুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চাঁদপুর সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী।

দীর্ঘ প্রায় ছয় বছর ধরে বেহাল ও চলাচলের অনুপযোগী হয়ে থাকা চাঁদপুর সদর উপজেলার নতুন কারাগার (আশিকাটি ইউনিয়ন পরিষদ)–মৈশাদী ইউনিয়ন পরিষদ সড়কের মেরামতকাজ সম্পন্ন হওয়ার পর সড়কটি পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. নূরুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চাঁদপুর সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী।

শনিবার (২৪ অক্টোবর) সকালে পরিদর্শনকালে প্রকৌশলীরা সড়কের শুরু থেকে শেষ পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় সড়কের বিভিন্ন অংশের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনে পুরো সড়কে তেমন কোনো সমস্যা দেখা না গেলেও নির্দিষ্ট একটি স্থানে কার্পেটিংয়ের ক্ষতি ও পিচের স্তর উঠে আসার বিষয়টি তাঁদের নজরে আসে।

চাঁদপুর সদর উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী বলেন, আমি সড়কটির শুরু থেকে শেষ পর্যন্ত সরেজমিনে পরিদর্শন করেছি। পুরো সড়কে তেমন কোনো সমস্যা দেখা যায়নি। তবে নির্দিষ্ট দুইটি স্থানে কার্পেটিংয়ে সমস্যা রয়েছে। দুই-এক দিন আগে ওই স্থানে একটি গাড়ির এক্সেল ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। এতে গাড়িটির অতিরিক্ত ওজনের চাপে কার্পেটিংয়ের ক্ষতি হয় এবং পিচের স্তর উঠে আসে। এ ছাড়া কিছু মানুষের অসচেতন কর্মকাণ্ডের কারণেও ওই স্থানের কার্পেটিং আরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, আবহাওয়ার তাপমাত্রা, বিটুমিনের অবস্থা এবং সড়কের কারিগরি বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে কার্পেটিং যথাযথভাবে স্থিতিশীল হতে কয়েক দিন সময় লাগতে পারে। বর্তমানে উচ্চ তাপমাত্রা এবং কার্পেটিংয়ের ভেতরে আর্দ্রতা থাকায় নির্দিষ্ট স্থানটির পিচের স্তর নরম রয়েছে। এটি মূলত কারিগরি সমস্যা, যার সঙ্গে ভেতরে পানি বা আর্দ্রতা প্রবেশের বিষয়টি জড়িত থাকতে পারে।

Model Hospital

সমস্যাটি সমাধানে সংশ্লিষ্ট ঠিকাদারকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। তিনি বলেন, এ সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত স্থানটি পরিষ্কার করে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের উদ্যোগে গুরুত্বপূর্ণ এ সড়কের মেরামতকাজ অনুমোদন করা হয়। দীর্ঘদিনের জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। চাঁদপুর সদর উপজেলার গুরুত্বপূর্ণ এ সড়কটির দৈর্ঘ্য ২ হাজার ২৪২ মিটার। ২০২৫-২০২৬ অর্থবছরে সড়কটি মেরামতের জন্য চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ৮ লাখ ৮০ হাজার ৯৭২ টাকা। কাজটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কাজী এন্টারপ্রাইজ। গত ১ অক্টোবর ২০২৬ তারিখে মেরামতকাজ সম্পন্ন করে সড়কটি যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা হয়। সড়কটি মৈশাদী ইউনিয়ন পরিষদের সঙ্গে বাবুরহাট বাজারের সংযোগ স্থাপন করেছে। পাশাপাশি মৈশাদী ও রামপুর ইউনিয়নের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে সড়কটি। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ, ভাঙন ও বড় ধরনের ক্ষত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ত। প্রায় ছয় বছর পর সড়কটি সংস্কার হওয়ায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।