শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সুন্নি আদর্শের সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে চাঁদপুরে ছাত্রসেনার সম্মেলন, ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:০২ পিএম
সুন্নি আদর্শের সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে চাঁদপুরে ছাত্রসেনার সম্মেলন, ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা

চাঁদপুরে ইসলামী ছাত্রসেনার অনুগামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শায়খ মাওলানা মুহাম্মদ আবু সুফিয়ান খান আল কাদেরী।

সুন্নি মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার উদ্যোগে অনুগামী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় চাঁদপুর প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. কামরুল হাসান বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জাহিদের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম এমএ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শায়খ মাওলানা মুহাম্মদ আবু সুফিয়ান খান আল কাদেরী।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মজলিসে শুরা সদস্য আলহাজ সৈয়দ মো. আমান উল্যাহ সমরকন্দী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি যুবনেতা মো. নবাব খান।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি মো. আজাদ হোসাইন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে শায়খ মাওলানা মুহাম্মদ আবু সুফিয়ান খান আল কাদেরী বলেন, সুন্নি মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ইসলামের সঠিক আদর্শ ও মূল্যবোধ ধারণ করে নিজেদের নৈতিক, আদর্শিক ও সাংগঠনিকভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে। পাশাপাশি সুন্নি আদর্শের প্রচার-প্রসার, দ্বীনি শিক্ষা ও সমাজের কল্যাণে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাদা বদরুদ্দোজা এবং সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সুন্নি মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং আদর্শিক চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে গিয়াস উদ্দিনকে সভাপতি, শাহাদাত হোসেন জাহিদকে সাধারণ সম্পাদক এবং মো. রুবেল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।