শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মতলবের উপাদী দক্ষিণে মানবকল্যাণ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৪১ পিএম
মতলবের উপাদী দক্ষিণে মানবকল্যাণ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধা ও মননশীলতা বিকাশে মানবকল্যাণ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ইউনিয়নের হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন উপাদী দক্ষিণ মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় ইউনিয়নের ৫টি মাধ্যমিক ও ১৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ‎হাজীগঞ্জের কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ ও সংগঠনের প্রধান উপদেষ্টা মনিরুল হক পাটওয়ারী সার্বিক দিকনির্দেশনায় পরীক্ষা পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন তারেকেশ্বর ঢালী, শাহআলম প্রধানীয়া, নেয়ামুল হোসাইন তুহিন ও মুহাম্মদ মুখতার হোসাইন।
সংগঠনের সভাপতি সোলাইমান পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সালমান হোসাইন রাসেল এর তত্ত্বাবধানে উক্ত বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুর পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা গণেশ চন্দ্র দাস, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা মোঃ সাখাওয়াত উল্লাহ ও বিশিষ্ট সমাজসেবক মোঃ কামাল হোসেন। এবং কেন্দ্র পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল মাহমুদ, মুফাশ্বেরা আক্তার, নুসরাত জাহান, নাদিয়া আক্তার ও ইসরাত জাহান।
সংগঠনের কয়েকজন শুভাকাঙ্ক্ষীর সাথে কথা হলে তারা বলেন, স্বেচ্ছাসেবী এই সংগঠনটি সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি কোমলমতি শিশুদের নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। প্রতি বছরের ন্যায় এবছরও তাদের এমন আয়োজন ব্যাপক সাড়া পাওয়া গেছে। পরীক্ষার এই আয়োজনকে সফল করতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকগণ সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে জানাই অশেষ কৃতজ্ঞতা। একই সাথে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে বৃত্তির কার্যক্রম আরো প্রসারের আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পেছনে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেন সংগঠনের কোষাধ্যক্ষ মমিন হোসেন বকাউল, প্রচার সম্পাদক রেজাউল করিম, সদস্য আল আমিন, আরিফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও একঝাঁক স্বেচ্ছাসেবী।

গভীর রাতে বিদ্যুৎ বিভাগের অভিযান! হাজীগঞ্জ-কচুয়া-শাহরাস্তিতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:৩২ এম
গভীর রাতে বিদ্যুৎ বিভাগের অভিযান! হাজীগঞ্জ-কচুয়া-শাহরাস্তিতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিশেষ নৈশ অভিযান পরিচালনা করছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। এরই ধারাবাহিকতায় সমিতির আওতাধীন হাজীগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উদ্যোগে পরিচালিত এসব অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ-সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিযানের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

অবৈধ বিদ্যুৎ ব্যবহারে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

অবৈধ বিদ্যুৎ সংযোগ ও মিটারে কারচুপি শুধু বিদ্যুৎ ব্যবস্থার ক্ষতি করে না, এটি জননিরাপত্তার জন্যও হুমকি। অনিরাপদ সংযোগের কারণে শর্টসার্কিট, অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি অনুমোদনহীন অতিরিক্ত লোডের কারণে বিদ্যুতের ভোল্টেজে সমস্যা দেখা দিতে পারে, যা বৈধ গ্রাহকদের বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষতির কারণ হতে পারে।

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

Model Hospital

অবৈধ সংযোগের তথ্য দিতে আহ্বান

নিজ নিজ এলাকায় কেউ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলে কিংবা বিদ্যুতের মিটারে কারচুপি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।

এ-সংক্রান্ত অভিযোগ ও তথ্য জানাতে ০১৭৬৯৪০০৩২৬ অথবা ১৬৮৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা জরুরি। তাই বিদ্যুতের অপচয় ও চুরি রোধে সবাইকে বৈধ উপায়ে বিদ্যুৎ ব্যবহার এবং অনিয়মের তথ্য দিয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।