শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

এইচএসসিতে পাসের হার ৪৪.৮৮ শতাংশ

শাহরাস্তিতে ভোকেশনালে শতভাগ পাস, এইচএসসি ও আলিমে জিপিএ-৫ পেয়েছে ৪ জন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:০৪ পিএম
শাহরাস্তিতে ভোকেশনালে শতভাগ পাস, এইচএসসি ও আলিমে জিপিএ-৫ পেয়েছে ৪ জন
চাঁদপুরের শাহরাস্তিতে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সাধারণ এইচএসসি শাখায় পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ। তবে এইচএসসি (ভোকেশনাল) শাখায় শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, আলিম শাখায় পাসের হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ। তিন শাখা মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪ জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল বিবরণী অনুযায়ী, সাধারণ এইচএসসি শাখায় উপজেলার ৬ টি কলেজ থেকে ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৪৭৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৫৮১ জন। এ শাখায় পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে সূচীপাড়া ডিগ্রি কলেজ সর্বোচ্চ ৭০ দশমিক ১১ শতাংশ পাসের হার অর্জন করেছে।এ ছাড়া  চেড়িয়ারা স্কুল ও কলেজে ৬২ দশমিক ৩২ শতাংশ, খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজে ৪৮ দশমিক ১০ শতাংশ, মেহের ডিগ্রি কলেজে ৪০ দশমিক ৩২ শতাংশ, করফুলনেছা সরকারি মহিলা কলেজে ২৬ দশমিক ৫৯ শতাংশ এবং চিতোষী ডিগ্রি কলেজে ২৫ দশমিক ৮৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
এইচএসসি (ভোকেশনাল) শাখায় চিতোষী ডিগ্রি কলেজ থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। ফলে এ শাখায় পাসের হার শতভাগ। তবে এ শাখায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
অন্যদিকে, আলিম পরীক্ষায় উপজেলার ১০টি মাদ্রাসা থেকে ২৬৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১৫৪ জন এবং অকৃতকার্য হয়েছে ১১৪ জন। এ শাখায় পাসের হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী। এর মধ্যে ভোলদিঘী কামিল মাদ্রাসা থেকে  ১জন এবং পরানপুর ফাজিল মাদ্রাসা থেকে ১জন জিপিএ-৫ পেয়েছে। ভোলদিঘী কামিল মাদ্রাসার পাসের হার ৭৫ দশমিক ৬৮ শতাংশ এবং পরানপুর ফাজিল মাদ্রাসার ৫৯ দশমিক ৩৭ শতাংশ। আলিম শাখায় সর্বোচ্চ ৮১ দশমিক ৮২ শতাংশ পাসের হার অর্জন করেছে চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসা।
সার্বিক ফলাফল সম্পর্কে শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, ভোকেশনাল শাখায় শতভাগ পাসের ফলাফল আশাব্যঞ্জক। তবে সাধারণ এইচএসসি ও আলিম শাখায় পাসের হার এবং জিপিএ-৫-এর সংখ্যা কম। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার কম এবং অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে ফলাফল পর্যালোচনা করা হবে। দুর্বলতার কারণ চিহ্নিত করে শিক্ষার মানোন্নয়ন, পাসের হার বৃদ্ধি এবং আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৪১ পিএম
‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়ায় যায়, তাহলে তাদের ধরা হবে, গ্রেপ্তার করা হবে’ বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ প্রধান আব্দুল কুদ্দুছ চৌধুরী (ডিআইজি)।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরিতে অবস্থিত শহীদ সুভাষ হলে আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন বিষয়ক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অভিভাবক ও শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে ডিআইজি বলেন, ‘ছেলে-মেয়েদের উপরে আপনাদের নিয়ন্ত্রণ নেই, আমাদের নিয়ন্ত্রণ নেই। যে সময়ে বই-খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা, তাদেরকে বিকেল বেলায় রাস্তায় প্রকাশ্যে ঘুরতে দেখা যায় এবং বিভিন্ন রকম অঙ্গভঙ্গিতে শিস মারতে দেখা যায়। এই ছেলে-মেয়েগুলো কার জন্য নষ্ট হচ্ছে, পারিবারিক শাসনটা কোথায়? এটা যদি থাকে তাহলে তো কিশোর গ্যাং তৈরি হয় না।’

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি কিশোর গ্যাং এই দেশ থেকে নির্মূল করব। কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না। এটি পুরোপুরি নির্মূল করতে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

Model Hospital

সমাবেশে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, কক্সবাজার শহরটা ব্যতিক্রম। এখানে বহুমাত্রিক অপরাধ সংঘটিত হয়। জেলা পুলিশ সম্প্রতি অপরাধ দমনে কার্যকরী পদক্ষেপ নিয়েছে। পুলিশের পাশাপাশি সমাজের সবাইকে একসাথে কাজ করতে হবে।

কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত এই সুধী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।