ব্যাপক পরিসরে শাহমাহমুদপুরে মেম্বার পদপ্রার্থী কামাল হাজীর উঠান বৈঠক
মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ কামাল হাজীর সমর্থনে ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হয়েছে এক উঠান বৈঠক। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ওয়ার্ডের দাসেরগাঁও হাজী বাড়িতে এ বৈঠক সম্পন্ন হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রার্থীর সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনী প্রস্তুতি, স্থানীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে এ ধরনের উঠান বৈঠক প্রার্থী ও ভোটারদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং এলাকার মানুষের প্রত্যাশা এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়। মেম্বার পদপ্রার্থী মোঃ কামাল হাজী ৯নং ওয়ার্ড গ্রামের মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা করছেন।
বৈঠকে উক্ত ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মোঃ কামাল হাজী বলেন, আমি নির্বাচিত হতে পারলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মসজিদ-মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, অসহায় মানুষের সরকারি সহায়তা প্রাপ্তিতে সহযোগিতা এবং বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতে আন্তরিকভাবে কাজ করব। বিশেষ করে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শিক্ষা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা থাকবে। আমি বিশ্বাস করি, একজন জনপ্রতিনিধির প্রধান পরিচয় তাঁর পদ-পদবি নয়; বরং মানুষের বিপদে-আপদে তাঁকে কতটা কাছে পাওয়া যায়, সেটাই সবচেয়ে বড় পরিচয়।
উক্ত ওয়ার্ডের দাসেরগাঁও গ্রামের বাসিন্দা কামাল মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মোঃ ফারুক হাজী, হান্নান হাজী, আবুল কালাম, মনির হাজী, শাহজালাল মিয়া, খোকন বেপারী, মোঃ গিয়াস উদ্দিন, রনবনলিয়া গ্রামের বাসিন্দা ও সাবেক প্রার্থী বিল্লাল গাজী, আবুল ফারাহ, আরিফ গাজী, আউয়াল গাজী, মিজান গাজী, জসিম গাজী, কাজল গাজী, বাবলু পাঠান, আলাউদ্দিন গাজী সহ উক্ত এলাকা ও আশপাশের বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য মানুষ।
জানা যায়, শাহমাহমুদপুর ইউনিয়নের বিমলের গাঁও, দাসেরগাঁও এবং রনবলিয়া গ্রাম নিয়ে ৯নং ওয়ার্ড গঠিত। উক্ত তিনটি গ্রামের মধ্যে বিমলেরগাঁও গ্রাম থেকেই তিন এর অধিক মেম্বার প্রার্থী থাকলেও দাসেরগাঁও এবং রনবলিয়া গ্রাম থেকে শুধুমাত্র একক প্রার্থী হিসেবে রয়েছেন মোঃ কামাল হাজী। দলমত নির্বিশেষে উক্ত এলাকাগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে কামাল হাজীর নাম উঠে এসেছে। তাই তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন।








