সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১৩ পিএম
ফরিদগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

ফরিদগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার।

চাঁদপুরের ফরিদগঞ্জে নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের আরও চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ নিয়ে গত তিন দিনে মোট ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করল ফরিদগঞ্জ থানা পুলিশ।
রোববার (৮ নভেম্বর ২০২৬) রাতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক পরিচালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম (৪৮), পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন (৫০), বালিথুবা পশ্চিম ইউনিয়ন যুবলীগ নেতা আ. সালাম ওরফে আরিফ মিজি (৩৫) এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো. আলী আকবর হাজী (৫০)কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের গোপন নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের চারজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে সোমবার (৯ নভেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

হাজীগঞ্জের বড়কুলে সম্পত্তিগত বিরোধের জেরে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:২২ পিএম
হাজীগঞ্জের বড়কুলে সম্পত্তিগত বিরোধের জেরে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানির অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে সম্পত্তিগত বিরোধের জেরে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে গিয়ে দেখা যায়, ইউনিয়নের রামচন্দ্রপুর ভূমি অফিস সংলগ্ন মিজি বাড়ির মৃত আলী মিয়ার তিন ছেলে মৃত মমতাজ উদ্দিন, রুহুল আমিন মিজি ও মৃত নুরুল আমিন মিজির পরিবারের সাথে দীর্ঘদিন যাবত পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে।
সেই ঘটনাকে কেন্দ্র করে মৃত আলী মিয়ার ছোট ছেলে মৃত নুরুল আমিন এর সন্তানদেরকে জড়িয়ে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হয়রানি করে আসছেন মমতাজ উদ্দিন এর ছেলে ও পুত্রবধূরা। সম্প্রতি মৃত নুরুল আমিন মিজির ছেলে সোহাগ মিজির বিরুদ্ধে মৃত মমতাজ উদ্দিন মিজির পারিবারিক কবরস্থানের লোহার গেইট ভাঙার অপবাদ দিয়ে ফেসবুকে একটি ভিডিও সংবাদ প্রকাশ করেন। তা আসলেই সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন নুরুল আমিন মিজির পরিবারের সদস্যরা। অভিযোগে তারা আরো বলেন, মৃত নুরুল আমিনের ছেলেদের বসত ঘরের সম্পত্তি মৃত মমতাজ উদ্দিনের ছেলে মাকসুদ আলম ও শাহআলম তাদের স্ত্রীদের নামে রেজিস্ট্রি করে আদালতে উচ্ছেদ মামলা দায়ের করেন।
এ বিষয়ে মৃত নুরুল আমিন এর পরিবারের সন্তানরা এ প্রতিবেদককে জানান, দাদার বেশিরভাগ সম্পত্তি আমাদের বড় জেঠা নিজ নামে বিএস রেকর্ড করিয়ে নেন। আমাদের বাবা ও মেঝো জেঠা বড় জেঠার উপর নির্ভরশীল হওয়ার সুযোগে তিনি এ কাজটি করেন। বর্তমান সময়ে এসে কাগজপত্র ঘাটতে গিয়ে দেখি তিনি আমাদের সাথে প্রতারণা করেছেন। তাই আমরা প্রশাসনের শরণাপন্ন হলে তারা আমাদের নামে বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছেন। এমনকি আমাদেরকে প্রাণনাশের হুমকিও দিয়ে আসছেন। এদিকে কবরস্থানের গেইট ভাঙার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাদের বাড়িঘর ও দোকানপাট থাকতে সামান্য কবরস্থানের গেইট ভাঙতে যাবো কেন। কবরে তো আমরাও যেতে হবে।
বিল্লাল মুন্সি নামক এক প্রতিবেশি বলেন, মৃত নুরুল আমিন মিজির ছেলেদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে আসছে মাকসুদ মিজি ও শাহ আলম মিজি সহ তাদের স্ত্রীরা। নুরুল আমিন এর ছেলেরা মারামারি করার মতো এমন মানুষ না।
এ বিষয়ে মৃত মমতাজ উদ্দিন মিজির ছেলে শাহ আলমের স্ত্রী রাবেয়া বেগম বলেন, সকালবেলা আমি হাটতে বেরিয়ে দেখি সোহাগ মিজি কবরস্থানের গেইট ভেঙে ফেলছে, আমি তখন ভয়ে কিছু বলতে পারিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে কোন প্রমাণ নেই তবে আমি নিজ চোখে দেখেছি।
এদিকে অত্র এলাকার সাবেক বিজিবি কর্মকর্তা মনির গাজী বলেন, তাদের সম্পত্তি বিরোধ নিয়ে ইউনিয়ন পরিষদে কয়েকবার বসা হয়েছে। তা কোন সমাধান হয়নি। তবে আমার দেখা উভয় পক্ষের কাগজপত্রের ভিত্তিতে মৃত নুরুল আমিন এর সন্তানদের দাবি যৌক্তিক বলে ধারণা করছি।