সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জের বড়কুলে সম্পত্তিগত বিরোধের জেরে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:২২ পিএম
হাজীগঞ্জের বড়কুলে সম্পত্তিগত বিরোধের জেরে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানির অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে সম্পত্তিগত বিরোধের জেরে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে গিয়ে দেখা যায়, ইউনিয়নের রামচন্দ্রপুর ভূমি অফিস সংলগ্ন মিজি বাড়ির মৃত আলী মিয়ার তিন ছেলে মৃত মমতাজ উদ্দিন, রুহুল আমিন মিজি ও মৃত নুরুল আমিন মিজির পরিবারের সাথে দীর্ঘদিন যাবত পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে।
সেই ঘটনাকে কেন্দ্র করে মৃত আলী মিয়ার ছোট ছেলে মৃত নুরুল আমিন এর সন্তানদেরকে জড়িয়ে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হয়রানি করে আসছেন মমতাজ উদ্দিন এর ছেলে ও পুত্রবধূরা। সম্প্রতি মৃত নুরুল আমিন মিজির ছেলে সোহাগ মিজির বিরুদ্ধে মৃত মমতাজ উদ্দিন মিজির পারিবারিক কবরস্থানের লোহার গেইট ভাঙার অপবাদ দিয়ে ফেসবুকে একটি ভিডিও সংবাদ প্রকাশ করেন। তা আসলেই সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন নুরুল আমিন মিজির পরিবারের সদস্যরা। অভিযোগে তারা আরো বলেন, মৃত নুরুল আমিনের ছেলেদের বসত ঘরের সম্পত্তি মৃত মমতাজ উদ্দিনের ছেলে মাকসুদ আলম ও শাহআলম তাদের স্ত্রীদের নামে রেজিস্ট্রি করে আদালতে উচ্ছেদ মামলা দায়ের করেন।
এ বিষয়ে মৃত নুরুল আমিন এর পরিবারের সন্তানরা এ প্রতিবেদককে জানান, দাদার বেশিরভাগ সম্পত্তি আমাদের বড় জেঠা নিজ নামে বিএস রেকর্ড করিয়ে নেন। আমাদের বাবা ও মেঝো জেঠা বড় জেঠার উপর নির্ভরশীল হওয়ার সুযোগে তিনি এ কাজটি করেন। বর্তমান সময়ে এসে কাগজপত্র ঘাটতে গিয়ে দেখি তিনি আমাদের সাথে প্রতারণা করেছেন। তাই আমরা প্রশাসনের শরণাপন্ন হলে তারা আমাদের নামে বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছেন। এমনকি আমাদেরকে প্রাণনাশের হুমকিও দিয়ে আসছেন। এদিকে কবরস্থানের গেইট ভাঙার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাদের বাড়িঘর ও দোকানপাট থাকতে সামান্য কবরস্থানের গেইট ভাঙতে যাবো কেন। কবরে তো আমরাও যেতে হবে।
বিল্লাল মুন্সি নামক এক প্রতিবেশি বলেন, মৃত নুরুল আমিন মিজির ছেলেদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে আসছে মাকসুদ মিজি ও শাহ আলম মিজি সহ তাদের স্ত্রীরা। নুরুল আমিন এর ছেলেরা মারামারি করার মতো এমন মানুষ না।
এ বিষয়ে মৃত মমতাজ উদ্দিন মিজির ছেলে শাহ আলমের স্ত্রী রাবেয়া বেগম বলেন, সকালবেলা আমি হাটতে বেরিয়ে দেখি সোহাগ মিজি কবরস্থানের গেইট ভেঙে ফেলছে, আমি তখন ভয়ে কিছু বলতে পারিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে কোন প্রমাণ নেই তবে আমি নিজ চোখে দেখেছি।
এদিকে অত্র এলাকার সাবেক বিজিবি কর্মকর্তা মনির গাজী বলেন, তাদের সম্পত্তি বিরোধ নিয়ে ইউনিয়ন পরিষদে কয়েকবার বসা হয়েছে। তা কোন সমাধান হয়নি। তবে আমার দেখা উভয় পক্ষের কাগজপত্রের ভিত্তিতে মৃত নুরুল আমিন এর সন্তানদের দাবি যৌক্তিক বলে ধারণা করছি।

চাঁদপুর মেডিকেল কলেজে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ পিএম
চাঁদপুর মেডিকেল কলেজে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর মেডিকেল কলেজের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক ডা. সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ কে এম মাহাবুবুর রহমান, ড্যাব চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. এম এ গফুর মিয়া এবং চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. হাসানুর রহমান।

আলোচনা সভায় চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনের সুদূরপ্রসারী তাৎপর্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় তাঁরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও অবদানের ওপরও আলোকপাত করেন।

Model Hospital

অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহ বহুগুণ বাড়িয়ে দেয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ঐতিহ্যবাহী খাবার বিতরণ করা হয়।