মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া সাইবার ফোর্সের কচুয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হলেন লাবিব

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ পিএম
জিয়া সাইবার ফোর্সের কচুয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হলেন লাবিব
জিয়া সাইবার ফোর্স এর কচুয়া উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হলেন, উপজেলা যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতা জাহিদ হোসেন মিয়াজী লাবিব। এছাড়াও তিনি উপজেলার কাদলা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক পদে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন।
গত  ১৫ নভেম্বর (রবিবার) চাঁদপুর জেলার জিয়া সাইবার ফোর্সের অফিসিয়াল প্যাডের মাধ্যমে কচুয়া উপজেলার শাখার জোবায়ের আহমেদ আহবায়ক ও রিয়াজ হোসেন হৃদয়কে সদস্য সচিব করে ৭৮ বিশিষ্ট কমিটি অনুমোদন  করেন  চাঁদপুর জেলার সভাপতি এম.এম.সবুজ হোসেন এবং সাধারণ সম্পাদক সুমন গাজী।
জাহিদ হোসেন মিয়াজী লাবিব নিজ এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে পরিচিতি অর্জন করেছেন । তিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন ফেসবুক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদী লেখালেখি ও দলীয় সকল কার্যক্রমে আর্থিকভাবে সহযোগিতা করাসহ দলের দুর্দিনে অনেক ভূমিকা রেখেছেন। বাংলাদেশ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী কচুয়ার সংসদ সদস্য ড.আনম এহছানুল হক মিলন এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবীকে অভিভাবক হিসেবে অনুগত করে রাজনীতি করে আসছেন।
নব নির্বাচিত কচুয়া উপজেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর জাহিদুল হোসেন মিয়াজী লাবিব বলেন, আমাকে কচুয়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় আমি চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সম্মানিত সভাপতি এম. এম. সবুজ হোসেন এবং সাধারণ সম্পাদক সুমন গাজী ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনার সরকার যখন ইন্টারনেট বন্ধ করে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে দেশের মানুষকে জিম্মি করে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চালাতে থাকে, তখনও আমরা ভিপিএন ও অন্যান্য সোর্স ব্যবহারের মাধ্যমে অনলাইনে ও অফলাইনে বিভিন্ন তথ্য-উপাত্ত জনসম্মুখে নিয়ে আসি। মূলত নির্বাচন, ভোটাধিকার ও গণতান্ত্রিক সুশাসন নিশ্চিতকরণের ভেতর দিয়ে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। একই সাথে আমরা দলীয় কার্যক্রম জোরদার করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করা এই সংগঠনটি দলীয় প্রচারণায় শীর্ষে অবস্থান করেছে। স্বৈরাচার পতনে বিএনপির মিডিয়া শক্তি হিসেবেও জিয়া সাইবার ফোর্সের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

একই বিছানায় ঘুম, একই কবরে চিরনিদ্রা! কয়লার আগুন কেড়ে নিল দুই হাফেজ ভাইয়ের প্রাণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২০ এম
একই বিছানায় ঘুম, একই কবরে চিরনিদ্রা! কয়লার আগুন কেড়ে নিল দুই হাফেজ ভাইয়ের প্রাণ

মাহফিলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল দুই ভাই। পরদিন স্থানীয় একটি মাহফিলে যাওয়ার কথা ছিল তাদের। এজন্য রাতেই পাঞ্জাবি ইস্তিরি করেছিল। কিন্তু সেই ইস্তিরির জন্য জ্বালানো কয়লার আগুনই কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ। একসঙ্গে ঘুমাতে যাওয়া দুই ভাইয়ের শেষ ঠিকানা হলো পাশাপাশি দুটি কবর।

মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায়। নিহত দুই ভাই ওমর ফারুক (১৩) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৪)। তারা দুজনই পবিত্র কোরআনের হাফেজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে একই বিছানায় ঘুমিয়ে ছিল দুই ভাই। ঘুমানোর আগে স্টিলের একটি বাটিতে কয়লা জ্বালিয়ে নিজেদের পাঞ্জাবি ইস্তিরি করেছিল তারা। পরদিন স্থানীয় বহদ্দারকাটা এলাকার একটি মাহফিলে যাওয়ার কথা ছিল তাদের। তবে ইস্তিরি শেষে কয়লার আগুন পুরোপুরি নেভানো হয়নি। ধারণা করা হচ্ছে, সেই আগুন থেকেই কাপড় কিংবা কম্বলে আগুনের সূত্রপাত হয়।

ঘরটির টিনের চালায় ছিদ্র থাকায় বৃষ্টি ঠেকাতে পলিথিনের ছাউনি দেওয়া হয়েছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাতাসের কারণে আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায়। মুহূর্তেই টিনের বেড়া ও টিনের চালার ছোট ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

Model Hospital

আগুনে দগ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে বড় ভাই ওমর ফারুক মারা যায়। ফারুকের জানাজা ও দাফনের প্রস্তুতির মধ্যেই আসে ছোট ভাই আবদুল্লাহর মৃত্যুর খবর। তীব্র যন্ত্রণা সহ্য করেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি দুই ভাইকে।

দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা আরেফা ও বাবা ফজলে কাদের। বুক চাপড়াতে চাপড়াতে মা বারবার বিলাপ করে বলছিলেন, “আঁর দুওয়া কোরআনর পাখি আল্লাহ লই গিইয়ই। আঁই ক্যানে থাইক্কুম!”

জানা গেছে, চার ভাইয়ের মধ্যে ওমর ফারুক ও মোহাম্মদ আবদুল্লাহ ছিলেন বড়। তাদের ছোট আরও দুই ভাই রয়েছে। দুর্ঘটনার দিন বাবা ফজলে কাদের বাড়িতে ছিলেন না। মা আরেফাও অসুস্থ ছিলেন। এ কারণে ছেলেদের পাঞ্জাবি ইস্তিরি করার বিষয়টি তাঁর খেয়াল করা হয়নি।

মা-বাবার স্বপ্ন ছিল, বড় হয়ে দুই ছেলে ধর্মীয় শিক্ষায় আরও এগিয়ে যাবে। কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনায় নিমিষেই শেষ হয়ে গেল তাঁদের সব স্বপ্ন। একই বিছানায় ঘুমাতে যাওয়া দুই ভাইকে শেষ পর্যন্ত পাশাপাশি দাফন করা হয়েছে করাইয়াঘোনা মসজিদ কবরস্থানে।

দুই হাফেজ ভাইয়ের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যে দুই ভাইয়ের মাহফিলে যাওয়ার কথা ছিল, তাঁদের বিদায় জানাতে হয়েছে চিরদিনের জন্য।

একটি অসতর্ক মুহূর্ত, একটি পরিবারের সারা জীবনের কান্না।