মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানের ফি আদায়ে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানের ফি আদায়ে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে নিয়ে মতবিনিময় সভা

শিক্ষার্থীদের ভর্তি, টিউশন, বেতন, পরীক্ষার ফিসহ বিভিন্ন চার্জ আদায়ে সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) ব্যবহারের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক চাঁদপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ তৌফিক ইমাম‌। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক চাঁদপুর প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মানিক সরকার।

সোনালী ব্যাংক চাঁদপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ রুহুল আমিন এর পরিচালনায় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক চাঁদপুর শাখার ম্যানেজার মোঃ মফিজ উদ্দিন, নতুন বাজার শাখার ম্যানেজার মোঃ মনির হোসেন, পুরান বাজার শাখার ম্যানেজার রাবিনা দাস, ষোলঘর শাখার ম্যানেজার হাবিবুননবী রেজাউর রহমান। শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন মাতৃপীঠ স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন।

অনুষ্ঠানে প্রজেক্টের মাধ্যমে এই প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন অটোমেশন আইটি লিমিটেড সফটওয়্যার কোম্পানির জোনাল মেনেজার রাসেল হোসাইন। সোনালী ব্যাংক চাঁদপুর প্রিন্সিপাল অফিসের সিনিয়র অফিসার লায়ন গোলাম হোসেন টিটোর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার সকল হাই স্কুল, মাদ্রাসার এবং কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন।

Model Hospital

সভায় সোনালী পেমেন্ট গেটওয়ের (SPG) মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ফি ও চার্জ গ্রহণ এবং এ-সংক্রান্ত আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা-২০২৬ বিষয়ে আলোচনা করা হয়।

একই বিছানায় ঘুম, একই কবরে চিরনিদ্রা! কয়লার আগুন কেড়ে নিল দুই হাফেজ ভাইয়ের প্রাণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২০ এম
একই বিছানায় ঘুম, একই কবরে চিরনিদ্রা! কয়লার আগুন কেড়ে নিল দুই হাফেজ ভাইয়ের প্রাণ

মাহফিলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল দুই ভাই। পরদিন স্থানীয় একটি মাহফিলে যাওয়ার কথা ছিল তাদের। এজন্য রাতেই পাঞ্জাবি ইস্তিরি করেছিল। কিন্তু সেই ইস্তিরির জন্য জ্বালানো কয়লার আগুনই কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ। একসঙ্গে ঘুমাতে যাওয়া দুই ভাইয়ের শেষ ঠিকানা হলো পাশাপাশি দুটি কবর।

মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায়। নিহত দুই ভাই ওমর ফারুক (১৩) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৪)। তারা দুজনই পবিত্র কোরআনের হাফেজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে একই বিছানায় ঘুমিয়ে ছিল দুই ভাই। ঘুমানোর আগে স্টিলের একটি বাটিতে কয়লা জ্বালিয়ে নিজেদের পাঞ্জাবি ইস্তিরি করেছিল তারা। পরদিন স্থানীয় বহদ্দারকাটা এলাকার একটি মাহফিলে যাওয়ার কথা ছিল তাদের। তবে ইস্তিরি শেষে কয়লার আগুন পুরোপুরি নেভানো হয়নি। ধারণা করা হচ্ছে, সেই আগুন থেকেই কাপড় কিংবা কম্বলে আগুনের সূত্রপাত হয়।

ঘরটির টিনের চালায় ছিদ্র থাকায় বৃষ্টি ঠেকাতে পলিথিনের ছাউনি দেওয়া হয়েছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাতাসের কারণে আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায়। মুহূর্তেই টিনের বেড়া ও টিনের চালার ছোট ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

Model Hospital

আগুনে দগ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে বড় ভাই ওমর ফারুক মারা যায়। ফারুকের জানাজা ও দাফনের প্রস্তুতির মধ্যেই আসে ছোট ভাই আবদুল্লাহর মৃত্যুর খবর। তীব্র যন্ত্রণা সহ্য করেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি দুই ভাইকে।

দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা আরেফা ও বাবা ফজলে কাদের। বুক চাপড়াতে চাপড়াতে মা বারবার বিলাপ করে বলছিলেন, “আঁর দুওয়া কোরআনর পাখি আল্লাহ লই গিইয়ই। আঁই ক্যানে থাইক্কুম!”

জানা গেছে, চার ভাইয়ের মধ্যে ওমর ফারুক ও মোহাম্মদ আবদুল্লাহ ছিলেন বড়। তাদের ছোট আরও দুই ভাই রয়েছে। দুর্ঘটনার দিন বাবা ফজলে কাদের বাড়িতে ছিলেন না। মা আরেফাও অসুস্থ ছিলেন। এ কারণে ছেলেদের পাঞ্জাবি ইস্তিরি করার বিষয়টি তাঁর খেয়াল করা হয়নি।

মা-বাবার স্বপ্ন ছিল, বড় হয়ে দুই ছেলে ধর্মীয় শিক্ষায় আরও এগিয়ে যাবে। কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনায় নিমিষেই শেষ হয়ে গেল তাঁদের সব স্বপ্ন। একই বিছানায় ঘুমাতে যাওয়া দুই ভাইকে শেষ পর্যন্ত পাশাপাশি দাফন করা হয়েছে করাইয়াঘোনা মসজিদ কবরস্থানে।

দুই হাফেজ ভাইয়ের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যে দুই ভাইয়ের মাহফিলে যাওয়ার কথা ছিল, তাঁদের বিদায় জানাতে হয়েছে চিরদিনের জন্য।

একটি অসতর্ক মুহূর্ত, একটি পরিবারের সারা জীবনের কান্না।