মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

মাজার জিয়ারতের মধ্য দিয়ে শাহমাহমুদপুরে মনিরুজ্জামান পাটোয়ারীর নির্বাচনী প্রচারণা শুরু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৫২ পিএম
মাজার জিয়ারতের মধ্য দিয়ে শাহমাহমুদপুরে মনিরুজ্জামান পাটোয়ারীর নির্বাচনী প্রচারণা শুরু

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান পাটোয়ারী নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় হযরত শাহ মাহমুদ বোগদাদী (রাহমাতুল্লাহি আলাইহি)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন।

মাজার জিয়ারত শেষে বিপুলসংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ইউনিয়নের বড় শাহতলী, ঘোষেরহাট হয়ে কুমারডুগি এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় পথচারী, ব্যবসায়ী, দোকানদার, অটোরিকশাচালক ও যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় মনিরুজ্জামান পাটোয়ারী বলেন, হযরত শাহ মাহমুদ বোগদাদী (রাহ.)-এর নামেই এই ইউনিয়নের নামকরণ করা হয়েছে। তাই চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম শুরুর আগে তাঁর মাজার জিয়ারত করে দোয়া নিতে এসেছি। দীর্ঘ ১১ বছর জনপ্রতিনিধি ও জনসেবক হিসেবে দায়িত্ব পালনকালে দুস্থ, অসহায়, গরিব ও মজলুম মানুষের পাশে থেকে ২৪ ঘণ্টা সেবা দেওয়ার চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি, তা জনগণই মূল্যায়ন করবেন।

তিনি আরও বলেন, দল তাঁকে মনোনয়ন দিলে এবং ইউনিয়নবাসী তাঁদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করলে তিনি জনপ্রতিনিধি নয়, বরং ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করতে চান। ইনশাআল্লাহ, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। দুস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষ যখনই তাঁর কাছে আসবেন, তখনই তাঁকে পাশে পাবেন বলে আশ্বাস দেন তিনি।

Model Hospital

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাহাবুব গাজী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম পাটোয়ারী, সদস্য শাহাদাত গাজী, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন মিজি, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহীন অজিসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

একই বিছানায় ঘুম, একই কবরে চিরনিদ্রা! কয়লার আগুন কেড়ে নিল দুই হাফেজ ভাইয়ের প্রাণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২০ এম
একই বিছানায় ঘুম, একই কবরে চিরনিদ্রা! কয়লার আগুন কেড়ে নিল দুই হাফেজ ভাইয়ের প্রাণ

মাহফিলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল দুই ভাই। পরদিন স্থানীয় একটি মাহফিলে যাওয়ার কথা ছিল তাদের। এজন্য রাতেই পাঞ্জাবি ইস্তিরি করেছিল। কিন্তু সেই ইস্তিরির জন্য জ্বালানো কয়লার আগুনই কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ। একসঙ্গে ঘুমাতে যাওয়া দুই ভাইয়ের শেষ ঠিকানা হলো পাশাপাশি দুটি কবর।

মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায়। নিহত দুই ভাই ওমর ফারুক (১৩) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৪)। তারা দুজনই পবিত্র কোরআনের হাফেজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে একই বিছানায় ঘুমিয়ে ছিল দুই ভাই। ঘুমানোর আগে স্টিলের একটি বাটিতে কয়লা জ্বালিয়ে নিজেদের পাঞ্জাবি ইস্তিরি করেছিল তারা। পরদিন স্থানীয় বহদ্দারকাটা এলাকার একটি মাহফিলে যাওয়ার কথা ছিল তাদের। তবে ইস্তিরি শেষে কয়লার আগুন পুরোপুরি নেভানো হয়নি। ধারণা করা হচ্ছে, সেই আগুন থেকেই কাপড় কিংবা কম্বলে আগুনের সূত্রপাত হয়।

ঘরটির টিনের চালায় ছিদ্র থাকায় বৃষ্টি ঠেকাতে পলিথিনের ছাউনি দেওয়া হয়েছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাতাসের কারণে আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায়। মুহূর্তেই টিনের বেড়া ও টিনের চালার ছোট ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

Model Hospital

আগুনে দগ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে বড় ভাই ওমর ফারুক মারা যায়। ফারুকের জানাজা ও দাফনের প্রস্তুতির মধ্যেই আসে ছোট ভাই আবদুল্লাহর মৃত্যুর খবর। তীব্র যন্ত্রণা সহ্য করেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি দুই ভাইকে।

দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা আরেফা ও বাবা ফজলে কাদের। বুক চাপড়াতে চাপড়াতে মা বারবার বিলাপ করে বলছিলেন, “আঁর দুওয়া কোরআনর পাখি আল্লাহ লই গিইয়ই। আঁই ক্যানে থাইক্কুম!”

জানা গেছে, চার ভাইয়ের মধ্যে ওমর ফারুক ও মোহাম্মদ আবদুল্লাহ ছিলেন বড়। তাদের ছোট আরও দুই ভাই রয়েছে। দুর্ঘটনার দিন বাবা ফজলে কাদের বাড়িতে ছিলেন না। মা আরেফাও অসুস্থ ছিলেন। এ কারণে ছেলেদের পাঞ্জাবি ইস্তিরি করার বিষয়টি তাঁর খেয়াল করা হয়নি।

মা-বাবার স্বপ্ন ছিল, বড় হয়ে দুই ছেলে ধর্মীয় শিক্ষায় আরও এগিয়ে যাবে। কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনায় নিমিষেই শেষ হয়ে গেল তাঁদের সব স্বপ্ন। একই বিছানায় ঘুমাতে যাওয়া দুই ভাইকে শেষ পর্যন্ত পাশাপাশি দাফন করা হয়েছে করাইয়াঘোনা মসজিদ কবরস্থানে।

দুই হাফেজ ভাইয়ের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যে দুই ভাইয়ের মাহফিলে যাওয়ার কথা ছিল, তাঁদের বিদায় জানাতে হয়েছে চিরদিনের জন্য।

একটি অসতর্ক মুহূর্ত, একটি পরিবারের সারা জীবনের কান্না।