মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরাস্তিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ পিএম
শাহরাস্তিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ১১ সদস্যবিশিষ্ট উপজেলা কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত কার্যালয় থেকে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকে এ তথ্য অবহিত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৪ নভেম্বর  বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক আবুল কালাম চিশতী এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. সহিদ উল্যাহ ভূঁইয়ার যৌথ স্বাক্ষরে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান, সদস্য সচিব নূরুল হক এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল খালেক।
কমিটির অন্যান্য সদস্য হলেন মো. মমতাজ উদ্দিন, রমজান আলী, মো. নূরুল ইসলাম, শফি উল্য্যা, মো. মোস্তফা পাটওয়ারী, আলী আহম্মদ ও কাজী শামছুল হক।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের পরিচয়ে জানা গেছে, শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ডুসুয়া গ্রামের মৃত মোজাফফর আলীর পুত্র মো. আবুল বাশার আহ্বায়ক হয়েছেন। টামটা দক্ষিণ ইউনিয়নের রাড়া গ্রামের, ডাকঘর ওয়ারুক, মৃত আবদুর রবের পুত্র আবদুল মান্নান যুগ্ম আহ্বায়ক হয়েছেন। শাহরাস্তি পৌরসভার সুয়াপাড়া গ্রামের, ডাকঘর কালিয়াপাড়া, মৃত তোরাব আলীর পুত্র নূরুল হক সদস্য সচিব হয়েছেন। টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের, ডাকঘর আশ্রাফপুর, মৃত আফছর উদ্দিনের পুত্র আবদুল খালেক যুগ্ম সদস্য সচিব হয়েছেন।
এ ছাড়া চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের, ডাকঘর খেড়িহর, মৃত আবদুল লতিফের পুত্র মো. মমতাজ উদ্দিন, টামটা উত্তর ইউনিয়নের সুরসই গ্রামের, ডাকঘর ওয়ারুক, মৃত আজগর আলীর পুত্র রমজান আলী, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের, ডাকঘর রাগৈ, মৃত ইয়াকুব আলীর পুত্র মো. নূরুল ইসলাম, টামটা উত্তর ইউনিয়নের শিবপুর গ্রামের, ডাকঘর টামটা, মৃত আব্বাস আলীর পুত্র শফি উল্য্যা, চিতোষী পূর্ব ইউনিয়নের নাগবাড়িয়া গ্রামের, ডাকঘর চিতোষী, মৃত মোখলেছুর রহমান পাটওয়ারীর পুত্র মো. মোস্তফা পাটওয়ারী, চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের, ডাকঘর খেড়িহর, ফজলুল রহমানের পুত্র আলী আহম্মদ এবং টামটা উত্তর ইউনিয়নের টামটা গ্রামের, ডাকঘর টামটা, মৃত কাজী মহিউদ্দিনের পুত্র কাজী শামছুল হক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আবুল বাশার বলেন, জেলা নেতৃবৃন্দ তাঁর ওপর যে সাংগঠনিক দায়িত্ব অর্পণ করেছেন, তা তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। শাহরাস্তি উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে সংগঠনের ঐক্য, সংহতি ও সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে কাজ করবেন। মুক্তিযোদ্ধাদের সম্মান, মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে, শাহরাস্তি উপজেলা কমিটির অনুমোদন দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের প্রতি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

একই বিছানায় ঘুম, একই কবরে চিরনিদ্রা! কয়লার আগুন কেড়ে নিল দুই হাফেজ ভাইয়ের প্রাণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২০ এম
একই বিছানায় ঘুম, একই কবরে চিরনিদ্রা! কয়লার আগুন কেড়ে নিল দুই হাফেজ ভাইয়ের প্রাণ

মাহফিলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল দুই ভাই। পরদিন স্থানীয় একটি মাহফিলে যাওয়ার কথা ছিল তাদের। এজন্য রাতেই পাঞ্জাবি ইস্তিরি করেছিল। কিন্তু সেই ইস্তিরির জন্য জ্বালানো কয়লার আগুনই কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ। একসঙ্গে ঘুমাতে যাওয়া দুই ভাইয়ের শেষ ঠিকানা হলো পাশাপাশি দুটি কবর।

মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায়। নিহত দুই ভাই ওমর ফারুক (১৩) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৪)। তারা দুজনই পবিত্র কোরআনের হাফেজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে একই বিছানায় ঘুমিয়ে ছিল দুই ভাই। ঘুমানোর আগে স্টিলের একটি বাটিতে কয়লা জ্বালিয়ে নিজেদের পাঞ্জাবি ইস্তিরি করেছিল তারা। পরদিন স্থানীয় বহদ্দারকাটা এলাকার একটি মাহফিলে যাওয়ার কথা ছিল তাদের। তবে ইস্তিরি শেষে কয়লার আগুন পুরোপুরি নেভানো হয়নি। ধারণা করা হচ্ছে, সেই আগুন থেকেই কাপড় কিংবা কম্বলে আগুনের সূত্রপাত হয়।

ঘরটির টিনের চালায় ছিদ্র থাকায় বৃষ্টি ঠেকাতে পলিথিনের ছাউনি দেওয়া হয়েছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাতাসের কারণে আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায়। মুহূর্তেই টিনের বেড়া ও টিনের চালার ছোট ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

Model Hospital

আগুনে দগ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে বড় ভাই ওমর ফারুক মারা যায়। ফারুকের জানাজা ও দাফনের প্রস্তুতির মধ্যেই আসে ছোট ভাই আবদুল্লাহর মৃত্যুর খবর। তীব্র যন্ত্রণা সহ্য করেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি দুই ভাইকে।

দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা আরেফা ও বাবা ফজলে কাদের। বুক চাপড়াতে চাপড়াতে মা বারবার বিলাপ করে বলছিলেন, “আঁর দুওয়া কোরআনর পাখি আল্লাহ লই গিইয়ই। আঁই ক্যানে থাইক্কুম!”

জানা গেছে, চার ভাইয়ের মধ্যে ওমর ফারুক ও মোহাম্মদ আবদুল্লাহ ছিলেন বড়। তাদের ছোট আরও দুই ভাই রয়েছে। দুর্ঘটনার দিন বাবা ফজলে কাদের বাড়িতে ছিলেন না। মা আরেফাও অসুস্থ ছিলেন। এ কারণে ছেলেদের পাঞ্জাবি ইস্তিরি করার বিষয়টি তাঁর খেয়াল করা হয়নি।

মা-বাবার স্বপ্ন ছিল, বড় হয়ে দুই ছেলে ধর্মীয় শিক্ষায় আরও এগিয়ে যাবে। কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনায় নিমিষেই শেষ হয়ে গেল তাঁদের সব স্বপ্ন। একই বিছানায় ঘুমাতে যাওয়া দুই ভাইকে শেষ পর্যন্ত পাশাপাশি দাফন করা হয়েছে করাইয়াঘোনা মসজিদ কবরস্থানে।

দুই হাফেজ ভাইয়ের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যে দুই ভাইয়ের মাহফিলে যাওয়ার কথা ছিল, তাঁদের বিদায় জানাতে হয়েছে চিরদিনের জন্য।

একটি অসতর্ক মুহূর্ত, একটি পরিবারের সারা জীবনের কান্না।