মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ পিএম
কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়!

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক খণ্ডকালীন ইংরেজি শিক্ষক সাফিক ভুঁইয়ার (৩৮) সঙ্গে এক ছাত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ওই  শিক্ষকের বিচার দাবিতে ছাত্র সমাজ সাচার বাজারে সড়ক অবরোধ করলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে  পথচারী,চালকদের দুর্ভোগ সৃষ্টি হয় এবং পুলিশ এসে অবরোধ তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ওই শিক্ষক ও এক ছাত্রীর কথিত আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষককে স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত শিক্ষক সাফিক ভূঁইয়া বিদ্যালয়টিতে প্রায় পাঁচ বছর ধরে খণ্ডকালীন ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর  হোসেন মোল্লা জানান, সাফিক ভূঁইয়া গত পাঁচ বছর ধরে বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করছেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার পর বিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে।

এ বিষয়ে কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ  আলী আশরাফ খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকের একটি আপত্তিকর ভিডিও তাঁদের নজরে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Model Hospital

অন্যদিকে অভিযুক্ত শিক্ষক সাফিক ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করা হয়েছে। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট শিক্ষার্থীর সঙ্গে তিনি দুষ্টুমি করেছিলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বটু কৃষ্ণ বসু জানান, ঘটনাটি জানার পর তিনি বিদ্যালয়ে গিয়ে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। নিরপেক্ষ তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে। তদন্তে শিক্ষক দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে সাচার বাজারে এলাকার সচেতন নাগরিকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষকদের দায়িত্বশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা। তবে ভিডিওটির সত্যতা, প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

একই বিছানায় ঘুম, একই কবরে চিরনিদ্রা! কয়লার আগুন কেড়ে নিল দুই হাফেজ ভাইয়ের প্রাণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২০ এম
একই বিছানায় ঘুম, একই কবরে চিরনিদ্রা! কয়লার আগুন কেড়ে নিল দুই হাফেজ ভাইয়ের প্রাণ

মাহফিলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল দুই ভাই। পরদিন স্থানীয় একটি মাহফিলে যাওয়ার কথা ছিল তাদের। এজন্য রাতেই পাঞ্জাবি ইস্তিরি করেছিল। কিন্তু সেই ইস্তিরির জন্য জ্বালানো কয়লার আগুনই কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ। একসঙ্গে ঘুমাতে যাওয়া দুই ভাইয়ের শেষ ঠিকানা হলো পাশাপাশি দুটি কবর।

মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায়। নিহত দুই ভাই ওমর ফারুক (১৩) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৪)। তারা দুজনই পবিত্র কোরআনের হাফেজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে একই বিছানায় ঘুমিয়ে ছিল দুই ভাই। ঘুমানোর আগে স্টিলের একটি বাটিতে কয়লা জ্বালিয়ে নিজেদের পাঞ্জাবি ইস্তিরি করেছিল তারা। পরদিন স্থানীয় বহদ্দারকাটা এলাকার একটি মাহফিলে যাওয়ার কথা ছিল তাদের। তবে ইস্তিরি শেষে কয়লার আগুন পুরোপুরি নেভানো হয়নি। ধারণা করা হচ্ছে, সেই আগুন থেকেই কাপড় কিংবা কম্বলে আগুনের সূত্রপাত হয়।

ঘরটির টিনের চালায় ছিদ্র থাকায় বৃষ্টি ঠেকাতে পলিথিনের ছাউনি দেওয়া হয়েছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাতাসের কারণে আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায়। মুহূর্তেই টিনের বেড়া ও টিনের চালার ছোট ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

Model Hospital

আগুনে দগ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে বড় ভাই ওমর ফারুক মারা যায়। ফারুকের জানাজা ও দাফনের প্রস্তুতির মধ্যেই আসে ছোট ভাই আবদুল্লাহর মৃত্যুর খবর। তীব্র যন্ত্রণা সহ্য করেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি দুই ভাইকে।

দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা আরেফা ও বাবা ফজলে কাদের। বুক চাপড়াতে চাপড়াতে মা বারবার বিলাপ করে বলছিলেন, “আঁর দুওয়া কোরআনর পাখি আল্লাহ লই গিইয়ই। আঁই ক্যানে থাইক্কুম!”

জানা গেছে, চার ভাইয়ের মধ্যে ওমর ফারুক ও মোহাম্মদ আবদুল্লাহ ছিলেন বড়। তাদের ছোট আরও দুই ভাই রয়েছে। দুর্ঘটনার দিন বাবা ফজলে কাদের বাড়িতে ছিলেন না। মা আরেফাও অসুস্থ ছিলেন। এ কারণে ছেলেদের পাঞ্জাবি ইস্তিরি করার বিষয়টি তাঁর খেয়াল করা হয়নি।

মা-বাবার স্বপ্ন ছিল, বড় হয়ে দুই ছেলে ধর্মীয় শিক্ষায় আরও এগিয়ে যাবে। কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনায় নিমিষেই শেষ হয়ে গেল তাঁদের সব স্বপ্ন। একই বিছানায় ঘুমাতে যাওয়া দুই ভাইকে শেষ পর্যন্ত পাশাপাশি দাফন করা হয়েছে করাইয়াঘোনা মসজিদ কবরস্থানে।

দুই হাফেজ ভাইয়ের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যে দুই ভাইয়ের মাহফিলে যাওয়ার কথা ছিল, তাঁদের বিদায় জানাতে হয়েছে চিরদিনের জন্য।

একটি অসতর্ক মুহূর্ত, একটি পরিবারের সারা জীবনের কান্না।