বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরাস্তিতে স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় উল্টো লুটপাট ও মিথ্যে যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম
শাহরাস্তিতে স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় উল্টো লুটপাট ও মিথ্যে যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী

চাঁদপুরের শাহরাস্তিতে স্ত্রীর একাধিক পরকীয়ার অভিযোগ নিয়ে শ্বশুরবাড়িতে বিচার চাইতে গিয়ে উল্টো হয়রানি, বসতঘরে লুটপাট এবং মিথ্যে যৌতুক মামলার শিকার হয়ে হয়রানিতে ভুগছেন গোলাম কিবরিয়া নামের এক কুয়েত প্রবাসী। এ ঘটনায় তিনি নিজের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, স্ত্রীর একাধিক অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রমাণসহ পরিবারের সদস্যদের জানিয়ে সমাধান চাওয়ার পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এমনকি তাঁর বৃদ্ধ বাবা-মাকেও যৌতুক মামলায় আসামি করা হয়েছে।

ভুক্তভোগী গোলাম কিবরিয়া চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম হুমায়ন কবির। তাঁর স্ত্রী আরিয়ান আক্তার জেরিন একই উপজেলার সুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

গোলাম কিবরিয়ার দেওয়া বক্তব্য অনুযায়ী, জানা যায়, ২০২৪ সালের আগস্ট মাসে আরিয়ান আক্তার জেরিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের পরিবারের পক্ষ থেকে স্ত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়। তাঁর নিজের পরিবারের সদস্যরা উচ্চশিক্ষিত হওয়ায় বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে স্ত্রীর পড়াশোনার দায়িত্ব নিতে সম্মত হন কিবরিয়া।

বিয়ের পর স্ত্রী হোস্টেলে থেকে পড়াশোনা চালিয়ে যান। তাঁর হোস্টেল ফি, শিক্ষাসামগ্রী, পড়াশোনার খরচ ও ব্যক্তিগত হাতখরচসহ যাবতীয় ব্যয় বহন করতেন কুয়েত প্রবাসী স্বামী।

Model Hospital

গোলাম কিবরিয়ার দাবি, গত দুই বছরে কুয়েত থেকে স্ত্রীর পড়াশোনার জন্য প্রায় ৫ লাখ টাকা এবং হাতখরচ বাবদ আরও ৩ লাখ টাকা পাঠিয়েছেন। সব মিলিয়ে প্রায় ৮ লাখ টাকা ব্যয় করেছেন তিনি।

তাঁর অভিযোগ, সম্প্রতি স্ত্রীর একাধিক পরকীয়ার বিষয়টি তিনি প্রমাণসহ জানতে পারেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্ত্রীর পরিবারের সদস্যদের অবহিত করে এর সুষ্ঠু বিচার ও সমাধান চান। কিন্তু অভিযোগের বিষয়ে পারিবারিকভাবে সমাধানের পরিবর্তে শ্বশুরবাড়ির লোকজন সমঝোতার কথা বলে তাঁদের বাড়িতে এসে উল্টো লুটপাট চালায় বলে দাবি করেন তিনি।

গোলাম কিবরিয়ার অভিযোগ, এ সময় তাঁর বাড়ি থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন, নগদ মোটা অঙ্কের টাকা এবং বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। এতে তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর তাঁর স্ত্রী তাঁকে তালাক দিতেও রাজি হচ্ছেন না। পাশাপাশি তাঁর কাছে ২০ লাখ টাকা দাবি করা হচ্ছে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর তাঁর বিরুদ্ধে এবং তাঁর বৃদ্ধ বাবা-মায়ের নামেও যৌতুকের মামলা করা হয়েছে বলে দাবি করেন এই প্রবাসী।
এদিকে স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে তিনি জানতে পেরেছেন বলে দাবি করেন, তাঁর সঙ্গে বিয়ের আগেও স্ত্রীর অন্যত্র বিয়ে হয়েছিল এবং একাধিক ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল।

গোলাম কিবরিয়ার অভিযোগ, স্ত্রীর কাছে দাবি করা ২০ লাখ টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর তাঁর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করা হয়েছে। শুধু তাঁকেই নয়, মামলায় তাঁর বৃদ্ধ বাবা-মাকেও আসামি করা হয়েছে। তাঁর দাবি, যে যৌতুকের অভিযোগে মামলা করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। স্ত্রীর পরকীয়ার বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বিচার চাওয়ার পর থেকে তাঁকে ফাঁসাতে এবং আর্থিকভাবে চাপে ফেলতেই এসব মামলা করা হচ্ছে বলে মনে করছেন তিনি।

কুয়েতে অবস্থান করেও আদালতকেন্দ্রিক আইনি জটিলতা, মামলার খরচ এবং পরিবারের সদস্যদের হয়রানি নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন এই প্রবাসী।
তাঁর অভিযোগ, বৃদ্ধ বাবা-মাকে মামলায় জড়ানোর কারণে তাঁরা সামাজিক ও মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন। তিনি আদালতের কাছে মামলার অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মিথ্যা অভিযোগে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রবাসীর স্ত্রী আরিয়ান আক্তার জেরিনের বক্তব্য নিতে তার ব্যবহৃত নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

সোশ্যাল মিডিয়া: মত প্রকাশের স্বাধীনতা ও দায়িত্বশীলতার সংকট

রোমানা রুমকি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ পিএম
সোশ্যাল মিডিয়া: মত প্রকাশের স্বাধীনতা ও দায়িত্বশীলতার সংকট

আধুনিক তথ্যপ্রযুক্তির উৎকর্ষে মানুষের যোগাযোগ ও মত প্রকাশের ধরনে এসেছে আমূল পরিবর্তন। একসময় গণমাধ্যম ছিল সীমিত ও একমুখী; সাধারণ মানুষের ভাবনা কিংবা অভিজ্ঞতা বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ ছিল অত্যন্ত সংকুচিত। সোশ্যাল মিডিয়া সেই দেয়াল ভেঙে দিয়েছে। আজ একজন সাধারণ নাগরিকও মুহূর্তের মধ্যে নিজের মতামত, প্রতিবাদ, সৃজনশীলতা কিংবা জনগুরুত্বপূর্ণ কোনো তথ্য দেশের প্রান্ত থেকে প্রান্তরে পৌঁছে দিতে পারছেন। নিঃসন্দেহে এটি মত প্রকাশের স্বাধীনতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

কিন্তু মুদ্রার উল্টো পিঠের মতো এই অবারিত স্বাধীনতা আজ এক গভীর সামাজিক ও নৈতিক সংকটেরও জন্ম দিয়েছে। সচেতনতা ও দায়িত্বশীলতার অভাবে সোশ্যাল মিডিয়া আজ মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি অপরাধ ও বিশৃঙ্খলার উর্বর ভূমিতে পরিণত হয়েছে। যাচাই-বাছাই ছাড়াই ভিত্তিহীন তথ্য, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছে। এর ফলে যেমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানি ঘটছে, তেমনি অনেক সময় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতিও হুমকির মুখে পড়ছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে সাইবার অপরাধের বহুমাত্রিক বিস্তার। ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা, ব্যক্তিগত তথ্য ও ছবি ফাঁসের হুমকি, অনলাইন বুলিং, চরিত্রহনন এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার আজ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, ভিউ, লাইক কিংবা আলোচনায় আসার অসুস্থ প্রতিযোগিতায় অনেকেই সত্যতা, নৈতিকতা ও আইনি সীমারেখার তোয়াক্কা করছেন না। দায়িত্বহীন এই প্রবণতা সমাজে অস্থিরতা বাড়ানোর পাশাপাশি প্রকৃত সত্য ও গঠনমূলক আলোচনাকেও আড়াল করে দিচ্ছে।

মত প্রকাশের স্বাধীনতা কোনোভাবেই যা খুশি তা বলার বা অন্যের অধিকার ক্ষুণ্ণ করার লাইসেন্স হতে পারে না। স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতা ওতপ্রোতভাবে জড়িত। ডিজিটাল এই পরিসরকে নিরাপদ ও সুস্থ রাখতে হলে প্রথমত প্রয়োজন ব্যবহারকারীদের আত্মসচেতনতা এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলা। যেকোনো তথ্য বা ছবি শেয়ার করার আগে তার উৎস ও সত্যতা যাচাই করা প্রত্যেক সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব।

Model Hospital

একইসঙ্গে ডিজিটাল অপরাধ দমনে প্রচলিত আইনের স্বচ্ছ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে, যাতে নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা পার পেয়ে না যায়। পাশাপাশি মূলধারার গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে ডিজিটাল সাক্ষরতা ও নৈতিকতা চর্চায় আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সম্মিলিত সচেতনতা ও দায়িত্ববোধই কেবল সোশ্যাল মিডিয়াকে বিশৃঙ্খলার বদলে সুস্থ চিন্তা ও অগ্রগতির বাহনে পরিণত করতে পারে।

লেখক পরিচিতি:

রোমানা রুমকি
গণমাধ্যম কর্মী, নারী উদ্যোক্তা ও বিউটি এক্সপার্ট।