বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ফ্ল্যাটে পুলিশের অভিযান, ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৯ পিএম
হাজীগঞ্জে ফ্ল্যাটে পুলিশের অভিযান, ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে হাজীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডিগ্রি কলেজ রোডে সিরাজ লন্ডনী বাড়ির তৃতীয় তলার উত্তর-পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাবুল মজুমদার (৫৬), বাঁধন সাহা (২৬) ও কিংশুক দেব (২৬)। তাঁদের মধ্যে বাবুল মজুমদার ও বাঁধন সাহার বাড়ি হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায়। কিংশুক দেবের স্থায়ী বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তিনি মকিমাবাদ এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

হাজীগঞ্জ থানা-পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া ও পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) এ কে এম ইউনুছ। তাঁর সঙ্গে ছিলেন এসআই নুর আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেনসহ পুলিশের অন্য সদস্যরা।

পুলিশের দেওয়া তথ্যমতে, জেলা বিশেষ শাখা (ডিএসবি) ও ওয়্যারলেস অপারেটরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। গত এক মাস ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যক্রম ও গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Model Hospital

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় ১৩ অক্টোবর হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) ও ৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ২০। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের যথাসময়ে আদালতে পাঠানো হবে।

হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

মানবতা মানে শুধু সহমর্মিতার কথা বলা নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। একজন মানুষের একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা কিংবা এক ব্যাগ রক্তও হয়ে উঠতে পারে অন্য একজনের বেঁচে থাকার আশার আলো। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আখন।

একজন এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন থাকা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষের পরিচয়ের ঊর্ধ্বে রয়েছে মানবতা, আর দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসাও একজন মানুষকে মহৎ করে তোলে।

থ্যালাসেমিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত অনেক রোগীকেই নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। ফলে তাঁদের জন্য প্রয়োজনীয় সময়ে নিরাপদ রক্তের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন রোগীর প্রয়োজনে এগিয়ে এসে রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমর সানি আখন।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রয়োজনে তাঁর এই সহযোগিতা প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

Model Hospital

রক্তদান শুধু একজন রোগীকে সহযোগিতা করা নয়; কখনো কখনো এটি একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনে, প্রিয়জনকে ঘিরে নতুন করে আশার আলো জ্বালায়।

মানবিকতার এই গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে যেন অসহায় হয়ে পড়তে না হয়।