বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক কল্যান ট্রাস্ট চাঁদপুর জেলা কমিটির সভা

সাংবাদিকগণের আবেদনগুলো যাতে কল্যাণ ট্রাস্ট বিবেচনা করে : চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম
সাংবাদিকগণের আবেদনগুলো যাতে কল্যাণ ট্রাস্ট বিবেচনা করে : চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চাঁদপুর জেলা যাচাই-বাছাই কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট  চাঁদপুর জেলা কমিটি পক্ষ থেকে আর্থিক সহায়তা ও অনুদান প্রদানের লক্ষ্যে আবেদনকারী অসুস্থ, অস্বচ্ছল ও দুঃস্থ সাংবাদিকদের আবেদন ও কাগজপত্র  যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাংবাদিক কল্যান ট্রাস্ট জেলা কমিটির সভাপতি আহমেদ জিয়াউর রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা বার্ধক্যজনিত কারণে জটিল রোগে আক্রান্ত হয়ে জেলার অনেক প্রবীণ ও কর্মরত সাংবাদিক বর্তমানে আর্থিক সংকটে রয়েছেন। তাঁদের এই দুঃসময়ে সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হলো সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
সাংবাদিকগণের আবেদনগুলো যাতে কল্যাণট্রাস্ট বিবেচনা করে।
চাঁদপুর জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের পরিচালনায় সভায় অংশগ্রহণ করেন জেলা কমিটির সদস্য চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সফি উদ্দিন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি ও সহকারী অধ্যাপক মো. মহসিন আরাফাতসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে প্রেরণের জন্য চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে আর্থিক সহায়তার জন্য অসুস্থ, অস্বচ্ছল ও দুঃস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকদের কাছ  থেকে ৩৮আবেদন পাওয়া যায় এবং সবগুলো আবেদন বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের   সুপারিশক্রমে  দাখিলকৃত আবেদনগুলোর তথ্য সঠিক   এবং সবগুলো আবেদন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান গুরুত্বসহকারে  সুপারিশসহ ঢাকায় প্রেরণের সিদ্ধান্ত গ্রহন করেন।

সোশ্যাল মিডিয়া: মত প্রকাশের স্বাধীনতা ও দায়িত্বশীলতার সংকট

রোমানা রুমকি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ পিএম
সোশ্যাল মিডিয়া: মত প্রকাশের স্বাধীনতা ও দায়িত্বশীলতার সংকট

আধুনিক তথ্যপ্রযুক্তির উৎকর্ষে মানুষের যোগাযোগ ও মত প্রকাশের ধরনে এসেছে আমূল পরিবর্তন। একসময় গণমাধ্যম ছিল সীমিত ও একমুখী; সাধারণ মানুষের ভাবনা কিংবা অভিজ্ঞতা বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ ছিল অত্যন্ত সংকুচিত। সোশ্যাল মিডিয়া সেই দেয়াল ভেঙে দিয়েছে। আজ একজন সাধারণ নাগরিকও মুহূর্তের মধ্যে নিজের মতামত, প্রতিবাদ, সৃজনশীলতা কিংবা জনগুরুত্বপূর্ণ কোনো তথ্য দেশের প্রান্ত থেকে প্রান্তরে পৌঁছে দিতে পারছেন। নিঃসন্দেহে এটি মত প্রকাশের স্বাধীনতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

কিন্তু মুদ্রার উল্টো পিঠের মতো এই অবারিত স্বাধীনতা আজ এক গভীর সামাজিক ও নৈতিক সংকটেরও জন্ম দিয়েছে। সচেতনতা ও দায়িত্বশীলতার অভাবে সোশ্যাল মিডিয়া আজ মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি অপরাধ ও বিশৃঙ্খলার উর্বর ভূমিতে পরিণত হয়েছে। যাচাই-বাছাই ছাড়াই ভিত্তিহীন তথ্য, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছে। এর ফলে যেমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানি ঘটছে, তেমনি অনেক সময় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতিও হুমকির মুখে পড়ছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে সাইবার অপরাধের বহুমাত্রিক বিস্তার। ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা, ব্যক্তিগত তথ্য ও ছবি ফাঁসের হুমকি, অনলাইন বুলিং, চরিত্রহনন এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার আজ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, ভিউ, লাইক কিংবা আলোচনায় আসার অসুস্থ প্রতিযোগিতায় অনেকেই সত্যতা, নৈতিকতা ও আইনি সীমারেখার তোয়াক্কা করছেন না। দায়িত্বহীন এই প্রবণতা সমাজে অস্থিরতা বাড়ানোর পাশাপাশি প্রকৃত সত্য ও গঠনমূলক আলোচনাকেও আড়াল করে দিচ্ছে।

মত প্রকাশের স্বাধীনতা কোনোভাবেই যা খুশি তা বলার বা অন্যের অধিকার ক্ষুণ্ণ করার লাইসেন্স হতে পারে না। স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতা ওতপ্রোতভাবে জড়িত। ডিজিটাল এই পরিসরকে নিরাপদ ও সুস্থ রাখতে হলে প্রথমত প্রয়োজন ব্যবহারকারীদের আত্মসচেতনতা এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলা। যেকোনো তথ্য বা ছবি শেয়ার করার আগে তার উৎস ও সত্যতা যাচাই করা প্রত্যেক সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব।

Model Hospital

একইসঙ্গে ডিজিটাল অপরাধ দমনে প্রচলিত আইনের স্বচ্ছ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে, যাতে নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা পার পেয়ে না যায়। পাশাপাশি মূলধারার গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে ডিজিটাল সাক্ষরতা ও নৈতিকতা চর্চায় আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সম্মিলিত সচেতনতা ও দায়িত্ববোধই কেবল সোশ্যাল মিডিয়াকে বিশৃঙ্খলার বদলে সুস্থ চিন্তা ও অগ্রগতির বাহনে পরিণত করতে পারে।

লেখক পরিচিতি:

রোমানা রুমকি
গণমাধ্যম কর্মী, নারী উদ্যোক্তা ও বিউটি এক্সপার্ট।