বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ছাপাখানা ও প্রকাশনা আইন সংশোধনে সংসদে উত্থাপন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:২৭ পিএম
ছাপাখানা ও প্রকাশনা আইন সংশোধনে সংসদে উত্থাপন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি
মুদ্রণ প্রযুক্তির বিকাশ ও গণমাধ্যমের আধুনিকায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা আইন যুগোপযোগী করার বিষয়টি জাতীয় সংসদে লিখিত আকারে উত্থাপন করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
১২ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ৪৭০ নম্বর প্রশ্নে তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছে জানতে চান, ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ৭ ধারাসহ আইনটি যুগোপযোগী করতে সংশোধন ও প্রয়োজনীয় সংযোজনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না এবং থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে।
জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান জানান, ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ৭ ধারাসহ আইনটি যুগোপযোগী করার লক্ষ্যে সংশোধন ও প্রয়োজনীয় সংযোজনের বিষয়ে সরকার কাজ করছে। এ বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। তবে বিষয়টি এখনো পর্যালোচনা ও নিষ্পত্তির পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন ও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর আইন সংশোধনের পরবর্তী পদক্ষেপ এবং বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হবে।
প্রসঙ্গত, চাঁদপুরের সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ও বাস্তবতার নিরিখে ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ৭ ধারা যুগোপযোগী করে সংশোধন ও প্রয়োজনীয় সংযোজনের উদ্যোগ নিতে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের কাছে লিখিত আবেদন জানান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বিষয়টি মহান জাতীয় সংসদে উত্থাপন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ এবং প্রয়োজনীয় আইন সংশোধনে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান। এরই পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে সরকারের পরিকল্পনা ও বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে জানতে চান।
চাঁদপুরের সাংবাদিকদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি জাতীয় সংসদে উত্থাপিত হওয়ায় বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।

চাঁদপুরে বাড়িতে দুধ দিতে গেলে কিশোরীর মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান লুৎফর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম
চাঁদপুরে বাড়িতে দুধ দিতে গেলে কিশোরীর মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান লুৎফর

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে লুৎফর রহমান (৭০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (১১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী কিশোরীর পরিবার থানায় মামলা করলে রাতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির উপজেলার একটি ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে আগে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মতলব দক্ষিণ থানায় একটি মামলা করেন।

ভুক্তভোগী কিশোরীর পরিবার ও মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, কিশোরীর পরিবারের কাছ থেকে দৈনিক ভিত্তিতে দুধ কিনত অভিযুক্ত ব্যক্তির পরিবার। বুধবার বাড়িতে কেউ না থাকায় কিশোরীর মা ওই বাড়িতে দুধ দিয়ে আসতে বলেন।

Model Hospital

বাড়িতে দুধ দিয়ে ফিরে আসতে চাইলে লুৎফর রহমান মুখ চেপে ধরে ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে বাড়িতে ফিরে কিশোরী মাকে ঘটনা খুলে বলে। এরপর রাতে থানায় মামলা করেন মা। পরে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পয়ালীবাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

কিশোরীর মা বলেন, এ ঘটনার পর তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। পড়তেও যায়নি। তিনি ওই নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মামলাটির তদন্ত চলছে।