বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর জেলা প্রশাসন থেকে চাঁদপুর প্রেস ক্লাবে কম্পিউটার সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম
চাঁদপুর জেলা প্রশাসন থেকে চাঁদপুর প্রেস ক্লাবে কম্পিউটার সামগ্রী প্রদান

চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবে জন্য কম্পিউটার সামগ্রী প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারন সম্পাদক এম এ লতিফ এর নিকট হস্তান্তর করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবে কম্পিউটার সামগ্রী প্রদান করা হয়েছে।
গতকাল ১৯নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারন সম্পাদক এম এ লতিফ এর নিকট আনুষ্ঠানিক ভাবে কম্পিউটার সামগ্রী হস্তান্তর করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
হস্তান্তরকালে চাঁদপুর জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন সর্বদা চাঁদপুর প্রেস ক্লাবের পাশে থাকবে।প্রেস ক্লাব কার্যক্রম খুবই পজিটিভ। চাঁদপুরের উন্নয়ন, সম্ভাবনা এবং জনদুর্ভোগের চিত্র আপনারা প্রতিনিয়ত মানুষের সামনে তুলে ধরছেন, যা জেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে আমাদের দারুণভাবে সহায়তা করে। প্রেস ক্লাবের যে কোন ইতিবাচক ও কল্যানমূলক উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, এনডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো: রহমত উল্ল্যাহ সহ কর্মকর্তাগণ।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবে কম্পিউটার সামগ্রী প্রদান করায় আমি ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক, ইউএনও মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সাংবাদিকতার উন্নয়নে কাজ করে আসছে। আমাদের অনুরোধ ও দাবির প্রতি সম্মান জানিয়ে জেলা প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে কম্পিউটার সামগ্রী প্রদান করলেন, তা প্রেস ক্লাবের প্রতি আন্তরিকতা বহিঃপ্রকাশ।
তিনি বলেন, চাঁদপুরের সার্বিক উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং যেকোনো ইতিবাচক উদ্যোগে চাঁদপুর প্রেস ক্লাব জেলা প্রশাসনের সাথে সেতু বন্ধন হিসেবে কাজ করছে। চাঁদপুর প্রেস ক্লাব সর্বদা সাংবাদিকদের কল্যাণ ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। সাংবাদিকদের ধারাবাহিকভাবে প্রশিক্ষণ হচ্ছে। সামনে আরো প্রশিক্ষন হবে।

সোশ্যাল মিডিয়া: মত প্রকাশের স্বাধীনতা ও দায়িত্বশীলতার সংকট

রোমানা রুমকি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ পিএম
সোশ্যাল মিডিয়া: মত প্রকাশের স্বাধীনতা ও দায়িত্বশীলতার সংকট

আধুনিক তথ্যপ্রযুক্তির উৎকর্ষে মানুষের যোগাযোগ ও মত প্রকাশের ধরনে এসেছে আমূল পরিবর্তন। একসময় গণমাধ্যম ছিল সীমিত ও একমুখী; সাধারণ মানুষের ভাবনা কিংবা অভিজ্ঞতা বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ ছিল অত্যন্ত সংকুচিত। সোশ্যাল মিডিয়া সেই দেয়াল ভেঙে দিয়েছে। আজ একজন সাধারণ নাগরিকও মুহূর্তের মধ্যে নিজের মতামত, প্রতিবাদ, সৃজনশীলতা কিংবা জনগুরুত্বপূর্ণ কোনো তথ্য দেশের প্রান্ত থেকে প্রান্তরে পৌঁছে দিতে পারছেন। নিঃসন্দেহে এটি মত প্রকাশের স্বাধীনতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

কিন্তু মুদ্রার উল্টো পিঠের মতো এই অবারিত স্বাধীনতা আজ এক গভীর সামাজিক ও নৈতিক সংকটেরও জন্ম দিয়েছে। সচেতনতা ও দায়িত্বশীলতার অভাবে সোশ্যাল মিডিয়া আজ মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি অপরাধ ও বিশৃঙ্খলার উর্বর ভূমিতে পরিণত হয়েছে। যাচাই-বাছাই ছাড়াই ভিত্তিহীন তথ্য, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছে। এর ফলে যেমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানি ঘটছে, তেমনি অনেক সময় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতিও হুমকির মুখে পড়ছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে সাইবার অপরাধের বহুমাত্রিক বিস্তার। ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা, ব্যক্তিগত তথ্য ও ছবি ফাঁসের হুমকি, অনলাইন বুলিং, চরিত্রহনন এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার আজ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, ভিউ, লাইক কিংবা আলোচনায় আসার অসুস্থ প্রতিযোগিতায় অনেকেই সত্যতা, নৈতিকতা ও আইনি সীমারেখার তোয়াক্কা করছেন না। দায়িত্বহীন এই প্রবণতা সমাজে অস্থিরতা বাড়ানোর পাশাপাশি প্রকৃত সত্য ও গঠনমূলক আলোচনাকেও আড়াল করে দিচ্ছে।

মত প্রকাশের স্বাধীনতা কোনোভাবেই যা খুশি তা বলার বা অন্যের অধিকার ক্ষুণ্ণ করার লাইসেন্স হতে পারে না। স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতা ওতপ্রোতভাবে জড়িত। ডিজিটাল এই পরিসরকে নিরাপদ ও সুস্থ রাখতে হলে প্রথমত প্রয়োজন ব্যবহারকারীদের আত্মসচেতনতা এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলা। যেকোনো তথ্য বা ছবি শেয়ার করার আগে তার উৎস ও সত্যতা যাচাই করা প্রত্যেক সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব।

Model Hospital

একইসঙ্গে ডিজিটাল অপরাধ দমনে প্রচলিত আইনের স্বচ্ছ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে, যাতে নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা পার পেয়ে না যায়। পাশাপাশি মূলধারার গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে ডিজিটাল সাক্ষরতা ও নৈতিকতা চর্চায় আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সম্মিলিত সচেতনতা ও দায়িত্ববোধই কেবল সোশ্যাল মিডিয়াকে বিশৃঙ্খলার বদলে সুস্থ চিন্তা ও অগ্রগতির বাহনে পরিণত করতে পারে।

লেখক পরিচিতি:

রোমানা রুমকি
গণমাধ্যম কর্মী, নারী উদ্যোক্তা ও বিউটি এক্সপার্ট।