শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি চেয়ারম্যান সনদে স্বাক্ষর চেয়েও পেলেন না সেবাপ্রার্থী, প্রশাসকের মন্তব্য—‘তোমার থেকে আমার ইমার্জেন্সি কম নাকি?’

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
জরুরি চেয়ারম্যান সনদে স্বাক্ষর চেয়েও পেলেন না সেবাপ্রার্থী, প্রশাসকের মন্তব্য—‘তোমার থেকে আমার ইমার্জেন্সি কম নাকি?’

জরুরি প্রয়োজনে চেয়ারম্যান সনদ নিতে গিয়ে এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করেও স্বাক্ষর পাননি বলে অভিযোগ করেছেন চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সেবাপ্রার্থী মো. শাকিল খান। তাঁর অভিযোগ, সরাসরি অনুরোধ করার পরও সনদে স্বাক্ষর না দিয়ে কার্যালয় থেকে বেরিয়ে যান ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রাহাত আমিন পাটওয়ারী।

শাকিল খানের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন ইউনিয়ন পরিষদের সচিব তাঁকে সনদটি দিয়ে প্রশাসকের স্বাক্ষর নেওয়ার জন্য উপজেলা কার্যালয়ে যেতে বলেন। পরে তিনি ফরাক্কাবাদ থেকে চাঁদপুরে গিয়ে ইউনিয়নের এক চৌকিদারের মাধ্যমে সনদটি প্রশাসকের কাছে পাঠান।

এ সময় প্রশাসক কার্যালয় থেকে বেরিয়ে যাচ্ছেন জানতে পেরে তিনি সরাসরি তাঁর কাছে গিয়ে জরুরি প্রয়োজনের কথা জানিয়ে সনদে স্বাক্ষর দেওয়ার অনুরোধ করেন। অভিযোগকারীর দাবি, তখন প্রশাসক তাঁকে বলেন, ‘তোমার থেকে আমার ইমার্জেন্সি কম নাকি?’ এরপর স্বাক্ষর না দিয়েই তিনি চলে যান।

এ ঘটনা নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টের মন্তব্যে আরও কয়েকজন সেবাপ্রার্থী তাঁদের ভোগান্তির কথা তুলে ধরেছেন।

Model Hospital

‘সায়েদ মাহমুদ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যে অভিযোগ করা হয়, বর্তমান পদ্ধতিতে চেয়ারম্যান সনদ নিতে গেলে কখনো সার্ভারের সমস্যা, আবার কখনো প্রশাসক কার্যালয়ে নেই বলে জানানো হয়।

অন্যদিকে গিয়াসউদ্দিন খান নামের একটি অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যে বলা হয়, দুই-তিন মাস আগে বাবার মৃত্যু সনদ তৈরি করতে গিয়ে তিনি নিজের জন্মনিবন্ধন ইংরেজি করা এবং বাবার জন্মসনদের কয়েকটি ভুল সংশোধনের আবেদন করেন। তাঁর দাবি, টাকা দেওয়ার পর একাধিকবার নিজে কার্যালয়ে গিয়েছেন এবং পরবর্তী সময়ে প্রতি সপ্তাহে লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন। কাজ সম্পন্ন হওয়ার নিশ্চিতকরণ বার্তা পেলেও মন্তব্য করার সময় পর্যন্ত সংশ্লিষ্ট কাগজপত্রের প্রিন্ট পাননি।

তবে এসব অভিযোগের বিষয়ে প্রশাসক মো. রাহাত আমিন পাটওয়ারীর বক্তব্যও নেওয়া হয়েছে।

মুঠোফোনে তিনি বলেন, ‘আমার দপ্তরে কোনো ফাইল পেন্ডিং নেই। ইউনিয়ন পরিষদ থেকে আসা সব ডকুমেন্টে স্বাক্ষর করে দিয়েছি। উল্লিখিত ভুক্তভোগীর সঙ্গে এ ধরনের আচরণ করেছি কি না, তা আমার স্মরণে নেই। কেউ আমার জন্য অপেক্ষা করেছেন, সেটিও আমার জানা নেই। আমি কারও সঙ্গে এমন আচরণ করেছি কি না, তাও মনে নেই।’

নাগরিক সেবা নিতে গিয়ে এমন ভোগান্তির অভিযোগ সামনে আসায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেবাপ্রার্থীদের প্রত্যাশা, অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করা।

চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান সলিম উল্যা সেলিম, ভাইস চেয়ারম্যান মুনির চৌধুরী ও সেক্রেটারি বাহার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:৫৬ পিএম
চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান সলিম উল্যা সেলিম, ভাইস চেয়ারম্যান মুনির চৌধুরী ও সেক্রেটারি বাহার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে পদাধিকারবলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সেলিম উল্লাহ সেলিম। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাংবাদিক মুহাম্মদ মুনির চৌধুরী এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ফয়সাল আহমেদ বাহার।
গত ১৫ নভেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খানের স্বাক্ষরিত এক সার্কুলারের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে ৮ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন প্রক্রিয়ার ভিত্তিতে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।
অনুমোদিত কমিটির অন্যান্য নির্বাচিত সদস্য হলেন—ব্যবসায়ী তমাল কুমার ঘোষ, সাংবাদিক কাজী শাহাদাত, সাংবাদিক সোহেল রুশদী, ডা. মো. জাহাঙ্গীর খান ও সাংবাদিক মো. রিয়াজুর রহমান রানা। এছাড়া মনোনীত সদস্য হিসেবে রয়েছেন পিপি অ্যাডভোকেট কুহিনূর বেগম, ডা. জওহর লাল আচার্য ও আলমগীর আলম জুয়েল।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩ (প্রেসিডেন্টস অর্ডার নং ২৬ অব ১৯৭৩)-এর ৭(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে চাঁদপুর ইউনিটের নির্বাচিত ও মনোনীত সদস্যদের সমন্বয়ে এ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। সার্কুলারে উল্লেখ করা হয়, ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নির্বাচিত সাতজন ও মনোনীত তিনজন সদস্যের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশেষ করে মানবিক সহায়তা, দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, স্বাস্থ্যসেবা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের অন্যতম প্রধান মানবিক সেবামূলক প্রতিষ্ঠান। প্রাকৃতিক দুর্যোগ, জরুরি মানবিক সংকট ও বিভিন্ন সামাজিক প্রয়োজনে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে আসছে। চাঁদপুর ইউনিটও স্থানীয় পর্যায়ে বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে চাঁদপুরে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারিত ও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।