হাজীগঞ্জে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার, গৃহবধূকে হত্যার অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চোর এবং অপর ঘটনায় জাকিয়া সুলতানা স্মৃতি (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত শাহীন হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের নাটোরা সর্দার বাড়ির বিল্লাল হোসেনের ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের মাতৈন পাটওয়ারী বাড়িতে বিদ্যুতের ক্যাবল চুরি করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, পৃথক ঘটনায় উপজেলার কংগাইশ এলাকায় স্বামীর বাড়ী থেকে গৃহবধূ জাকিয়া সুলতানা স্মৃতির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কুমিল্লার বড়ুয়া এলাকার জাফর ইসলাম ও নুরজাহানের মেয়ে।
গৃহবধূর মৃত্যুর ঘটনায় তাঁর বাবার পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

পুলিশ উভয় মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানান হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম ভুঁইয়া।









