বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ, ৫০ শতাংশই অনুদান!

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:২২ পিএম
কচুয়ায় তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ, ৫০ শতাংশই অনুদান!

কচুয়ায় তরুণ উদ্যোক্তা তৈরি করতে কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা অমিত রায়।

তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন ব্যবসায়িক উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোগ—উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’। লিড ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি, কচুয়া শাখার উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের সহযোগিতায় আয়োজিত এ আলোচনা অনুষ্ঠানে কচুয়া উপজেলার ৩৬টি ব্যাংকের কর্মকর্তা ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ কচুয়া উপজেলার আগ্রহী উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন।
বুধবার (২৫ নভেম্বর) চাঁদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট হলরুমে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক কচুয়া শাখার ব্যাবস্থাপক মোঃ মাহফুজুল ইসলাম। সভাপতির স্বাগত বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। তিনি তরুণদের নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ কর্মসূচির আওতায় অনূর্ধ্ব ২৮ বছর বয়সী তরুণ উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক ধারণা ও পরিকল্পনা উপস্থাপনের মাধ্যমে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ পাবেন। এর মধ্যে ৫০ শতাংশ ঋণ এবং ৫০ শতাংশ অনুদান হিসেবে প্রদানের ব্যবস্থা রয়েছে। এর ফলে সম্ভাবনাময় তরুণরা আর্থিক সহায়তা নিয়ে নিজেদের ব্যবসায়িক স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবেন।
আইএফআইসি ব্যাংক পিএলসি কচুয়া শাখার ব্যবস্থাপক মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা লিড ব্যাংক, ইউসিবিএল চাঁদপুর শাখার ব্যবস্থাপক মোঃ ফয়সাল হোসেন, আইএফআইসি ব্যাংকের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ ফরিদ আল মাহমুদ, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপক আহসান উল্যাহ ও সাংবাদিক মানিক ভৌমিক।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আইএফআইসি ব্যাংক পিএলসির কচুয়া শাখার ঋণ কার্যক্রম ব্যবস্থাপনা কর্মকর্তা কার্তিক দেব নাথ।
বক্তারা বলেন, তরুণদের মধ্যে অনেক সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা রয়েছে। কিন্তু পর্যাপ্ত পুঁজি ও আর্থিক সহযোগিতার অভাবে অনেকেই উদ্যোগ বাস্তবায়ন করতে পারেন না। এ ধরনের অর্থায়ন কর্মসূচি তরুণদের আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের সঠিকভাবে চিহ্নিত করে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়া গেলে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ সময় উপস্থিত তরুণ উদ্যোক্তারা নিজেদের ব্যবসায়িক পরিকল্পনা, অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
আয়োজকরা জানান, আগ্রহী তরুণদের ব্যবসায়িক ধারণাসহ আবেদন করার আহ্বান জানানো হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।

ফোনে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি, বললেন, ‘তুমি আসো আমার সঙ্গে অল্প একটু কথা বলে দেখা করলে সব সমস্যা চলে যাবে’ 

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম
ফোনে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি, বললেন, ‘তুমি আসো আমার সঙ্গে অল্প একটু কথা বলে দেখা করলে সব সমস্যা চলে যাবে’ 

ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানের সঙ্গে যুব মহিলা লীগের এক নেত্রীর ফোনালাপ ফাঁস হয়েছে। ফোনালাপে ওই নারীকে বারবার নিজের বাংলোয় আসার অনুরোধ করতে শোনা যায় ওসিকে।

ফোনালাপের কথা স্বীকার করে ওসি দাবি করেছেন, সনি একটি মামলায় গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়ে পালিয়ে গেছেন। তাকে আবার পুলিশের কাছে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই ফোন করেছিলেন।

ওই নেত্রী হলেন উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজকিরা আক্তার সনি।

ফাঁস হওয়া ফোনালাপ থেকে জানা গেছে, একটি মামলায় গত ১০ নভেম্বর গ্রেফতার হন তাজকিরা আক্তার সনি। সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। এরপর ওসি ফয়জুল আজিম তাকে ফোন করে দেখা করতে বলেন।

Model Hospital

তবে সনি জানান, তিনি মাথাব্যথায় ভুগছেন। এ ছাড়া তিনি কুমিল্লার মিয়াবাজারে অবস্থান করছেন। তাই তার পক্ষে দাগনভূঞায় যাওয়া সম্ভব নয়।

এ সময় ওসিকে কাতর স্বরে বলতে শোনা যায়, ‘মাথাব্যথা থেকে যা কিছু আছে, সব চলে যাবে। তুমি আসো। আমার সঙ্গে অল্প একটু কথা বললে, দেখা করলে সব সমস্যা চলে যাবে। আমার কিছু চাওয়া-পাওয়া নেই। শুধু একটু দেখতে চাই। একটা সিএনজি নিয়ে চলে আসো।’

জবাবে সনি বলেন, ‘আমি দাগনভূঞায় নেই। থাকলে অবশ্যই আসতাম। আমি চৌদ্দগ্রামে আছি। আমি জেলের মেঝেতে শুয়ে অসুস্থ হয়ে পড়েছি। জেলে ভাত খেতে পারিনি। বাড়ি এসে ভাত খেয়েছি।’

এরপর ওসি বলেন, ‘মানুষের একটা আকর্ষণ আছে না। তুমি যেখানেই আছো, বাংলোয় চলে আসো।’

ফোনালাপের বিষয়ে জানতে চাইলে ওসি ফয়জুল আজিম গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ওই নারী দুর্ধর্ষ। অনেক কষ্টে তাকে গ্রেফতার করেছিলাম। কিন্তু জামিনে বেরিয়ে আবার পালিয়ে যায়। এখন ভেবেছিলাম আবার বুঝিয়ে বাসায় নিয়ে আসবো।’

ওসি আরও বলেন, ‘সনির প্রতিপক্ষ গ্রুপের কিছু তথ্য তার কাছে রয়েছে। তাকে সোর্স হিসেবে ব্যবহার করে আরও কয়েকজনকে গ্রেফতারের পরিকল্পনা ছিল।’

তার ভাষ্য, সনি নিজেই আসার কথা বলেছিলেন এবং এসে কিছু তথ্য দেওয়ার কথা ছিল। কিন্তু গ্রেফতার আতঙ্কে তিনি আসেননি। এখন পালিয়ে থেকে পুলিশের কাজে বাধা সৃষ্টি করছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে তাজকিরা আক্তার সনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।