বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর চেম্বারের সাবেক সভাপতি মো:জাহাঙ্গীর আখন্দ সেলিমের ইন্তেকাল: দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:১৮ পিএম
চাঁদপুর চেম্বারের সাবেক সভাপতি মো:জাহাঙ্গীর আখন্দ সেলিমের ইন্তেকাল: দাফন সম্পন্ন

চাঁদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিমের জানাযার নামাজরত মুসল্লীগণ। ইনসেটে মরহুম জাহাঙ্গীর আখন্দ সেলিম।

চাঁদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল ২৫নভেম্বর (বুধবার) বাদ জোহর চাঁদপুর শহরের কবি নজরুল সড়কস্থ চৌধুরী ঘাট সংলগ্ন চাঁদপুর পৌর ঈদ গাঁ ময়দানে মরহুম জাহাঙ্গীর আখন্দ সেলিম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে ইমামতি করেন চাঁদপুর বেগম মসজিদের খতিব ও ইমাম মুফতি মাওলানা মাহাবুবুর রহমান। জানাযা শেষে মরহুমকে পুরাণবাজার জাফরাবাদ হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গনে দাফন করা হয়।
জানাযার নামাজের পূর্বে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার মুহতামেম (জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম জাফরাবাদ) হযরত মাওলানা খাজা আহমাদুল্লাহ, চাঁদপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. শায়ের গফুর, পুরানবাজার বড় মসজিদের সভাপতি প্রবীণ রাজনৈতিক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, মরহুমের ভায়রা ও বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ খান, জেলা জামায়াতের পক্ষে শুকুর মস্তান,চাঁদপুর চেম্বারের সাবেক পরিচালক মমতাজ উদ্দিন মন্টু গাজী, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমেদ বেপারী, মরহুমের ভাতিজা বদরুল আখন্দ।
এসময় জানাযার নামাজে অংশ নেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট ইকবাল বিন বাশার, জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন,শাহাদাত হোসেন শান্ত, এএইচএম আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ, ডা. এমজি ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব তাফাজ্জল হোসেন চুন্নু মিয়া, বিএনপি নেতা আলহাজ্ব মো. আজহার উদ্দিন মিয়া, মরহুমের চাচাতো ভাই আবুল কাশেম আখন্দ, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশ,সাধারণ সম্পাদক ফয়সল গাজী বাহারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।
এদিকে, চাঁদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যুতে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

শাহরাস্তিতে দুই মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:২২ পিএম
শাহরাস্তিতে দুই মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

শাহরাস্তিতে দুটি মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ, প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদর্শন না করা এবং পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায়  এ দন্ড প্রদান করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) শাহরাস্তি পৌর পৌরশহরের  কালিবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযানকালে কালিবাড়ি বাজারের ফিউচার সুইটস ও গ্রীন ফুডস বেকারিসহ দুটি প্রতিষ্ঠানে খাদ্যপণ্যের মান ও সংরক্ষণ পরিবেশ পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটির মালামাল সংরক্ষণের স্থান অপরিচ্ছন্ন, প্রয়োজনীয় লাইসেন্স প্রদর্শন না করা এবং পাউরুটি, মিষ্টি, দধিসহ বিভিন্ন খাদ্যপণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি নজরে আসে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি মামলা দায়ের করে প্রতিষ্ঠান দুটিকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Model Hospital

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের অবশ্যই স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি প্রতিটি পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ এবং প্রয়োজনীয় লাইসেন্স যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠান দুটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিদ্যমান সমস্যাগুলো আগামী তিন দিনের মধ্যে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তী সময়ে রাষ্ট্রীয় আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।