শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:২০ পিএম
ফরিদগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জ পৌর এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে
ফরিদগঞ্জ পৌরসভার কাছিয়াড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দেনায়েতপুর (জিনের মসজিদ) বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে রাকিবুল হাসান (৩৮) এবং তাঁর স্ত্রী ফাতেমা আক্তার প্রিয়া (২৫)। তাঁরা ফরিদগঞ্জে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশে এসআই আতাউর রাব্বি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই ভাড়া বাসা থেকে ২৫ পিস ইয়াবাসহ রাকিবুল ও প্রিয়াকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা রায়পুর থেকে এসে ফরিদগঞ্জে অবস্থান করে গোপনে মাদক কারবার চালিয়ে আসছিলেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, ইয়াবাসহ আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের শুক্রবার (২৭ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।

শাহমাহমুদপুরের পাইকদীতে মাদক বিরোধী সচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:১৫ পিএম
শাহমাহমুদপুরের পাইকদীতে মাদক বিরোধী সচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত
মাদক, কিশোর গ্যাং, সামাজিক অপরাধ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ইউনিয়নের মোল্লার বাজার সংলগ্ন ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকদি-ভাটেরগাঁও এবং কর্দ্দি পাঁচগাঁও মাদক নির্মূল কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক। এসময় তিনি তার বক্তব্যে বলেন, মাদকের সঙ্গে জড়িত অপরাধীদের কী ধরনের শাস্তি হতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। একজন অপরাধীকে শাস্তি দেওয়ার মাধ্যমে আরও ১০ জনকে শিক্ষা দেওয়া সম্ভব। অপরাধের তাৎক্ষণিক বিচার না হলে সেখান থেকে নতুন সমস্যার সৃষ্টি হয়।
তিনি বলেন, কোনো পরিবার যদি মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে একপর্যায়ে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এমনকি এলাকার ভেতরে ও বাইরে চুরি-ডাকাতির মতো ঘটনাও ঘটাতে পারে। অনেকেই মনে করেন, অমুকের ছেলে মাদকাসক্ত, কিন্তু আমার ছেলে ভালো।
এ ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ প্রতিবেশী খারাপ পথে গেলে তার নেতিবাচক প্রভাব নিজের পরিবার ও সমাজের ওপরও পড়তে পারে। এজন্য মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, মাদক থেকেই ইভটিজিং, হামলা, কিশোর গ্যাংসহ নানা ধরনের অপরাধের উৎপত্তি হয়। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। কিশোর গ্যাংয়ের ভয়াবহতা তুলে ধরে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ১২, ১৩ ও ১৪ বছর বয়সী ১০ থেকে ১৫ কিংবা ২০ জন কিশোর একত্রিত হয়ে বিভিন্ন স্থানে গিয়ে নিজের বাবার বয়সী মানুষের গায়ে হাত তুলছে। কেউ তাদের বাধা দিতে গেলে তাকেও আক্রমণ করছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবীর, চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউসুফ আলী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, আল-আরাফাহ্ হজ্ব কাফেলার চেয়ারম্যান শরিফ পাটওয়ারী, মাদক নির্মূল কমিটির সদস্য মানিক মিয়া, আবদুল বাকী, আক্তার হোসেন ও সাইফুল ইসলাম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মাদক নির্মূল কমিটির সদস্য হাফেজ তানভীরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদাউস, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রতিনিধিদল এবং স্থানীয় ব্যক্তিবর্গ সুমন খান, হেলাল খান, বেলাল খান ও রহিম খান, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ আয়োজক কমিটির আরো অনেকে। আলোচনা সভা শেষে ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মোল্লার বাজার পর্যন্ত একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়।
র‍্যালিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।