হাসপাতালে নয়, আইদি পরিবহনের বাসেই নবজাতকের জন্ম; মানবিকতায় মুগ্ধ যাত্রীরা
মানবিকতা ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে। আইদি পরিবহনের চলন্ত বাসে সন্তান প্রসবের ঘটনা ঘটেছে এক প্রসূতি মায়ের। বাসের যাত্রী, চালক ও স্টাফদের সহযোগিতায় শেষ পর্যন্ত নিরাপদে পৃথিবীর আলো দেখেছে নবজাতক। এ ঘটনায় বাসের অন্য যাত্রীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুমিল্লা-চাঁদপুর সড়কের বিজরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রী আল আমিনের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ওই দিন চাঁদপুরের ওয়ারলেস এলাকা থেকে এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আইদি পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি জগৎপুর বাজার পার হওয়ার পর ওই ব্যক্তি চালকের কাছে সামনের দিকে কোনো হাসপাতাল আছে কি না জানতে চান। চালক তাঁকে জানান, মুদাফরগঞ্জ বাজারে হাসপাতাল রয়েছে।

পরে বাসটি মুদাফরগঞ্জ বাজার অতিক্রম করে বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই ব্যক্তি হঠাৎ চালকের কাছে বাস থামানোর অনুরোধ করেন। তিনি জানান, তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কিছুক্ষণ পর আবারও চালকের কাছে গিয়ে জানান, তাঁর স্ত্রীর প্রসবব্যথা উঠেছে এবং সন্তান প্রসবের অবস্থা তৈরি হয়েছে।

এ সময় বাসের পেছনের দিকে থাকা এক নারী যাত্রী জানান, প্রসূতির নবজাতকের মাথা বের হয়ে এসেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে আল আমিনসহ কয়েকজন যাত্রী চালককে বাস থামানোর অনুরোধ করেন। পরে বিজরা বাজার এলাকায় বাসটি থামানো হয়।
এরপর আল আমিন প্রসূতির স্বামীকে সঙ্গে নিয়ে পাশের একটি হাসপাতালে যান। সেখানে চিকিৎসক উপস্থিত না থাকলেও নার্সরা ছিলেন। প্রথমে নার্সরা চিকিৎসক ছাড়া যেতে অনীহা প্রকাশ করেন। পরে আল আমিন চিকিৎসককে ফোন করে পরিস্থিতি বুঝিয়ে দ্রুত আসার অনুরোধ জানান। চিকিৎসক বাসা থেকে রওনা হওয়ার কথা জানিয়ে নার্সদের প্রসূতির কাছে যাওয়ার নির্দেশ দেন।
পরে আল আমিন নার্সদের সঙ্গে নিয়ে বাসে ফিরে যান। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, প্রসূতির প্রসবপ্রক্রিয়া প্রায় সম্পন্ন হওয়ার পথে। এ অবস্থায় মাকে নাড়াচাড়া না করে বাসেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে বাসের চালক ও স্টাফরা নির্ধারিত যাত্রাবিরতি নিয়ে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েন। কারণ, একই সিরিয়ালের অন্য বাস চলাচলে সমস্যা হওয়ার আশঙ্কা ছিল। তবে আল আমিন ও অন্য যাত্রীরা তাঁদের পরিস্থিতি বুঝিয়ে বলেন। তাঁরা জানান, প্রসূতি পরিবারটি অসহায় অবস্থায় রয়েছে। প্রয়োজনে তাঁরা অন্য গাড়িতে করে গন্তব্যে চলে যাবেন, কিন্তু এই মুহূর্তে বাস থেকে প্রসূতিকে সরানো ঠিক হবে না।
যাত্রীদের সম্মিলিত অনুরোধে শেষ পর্যন্ত চালক ও স্টাফরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কিছু সময় পর বাসের মধ্যেই নবজাতকের জন্ম হয়। নতুন অতিথির আগমনে আনন্দে মেতে ওঠেন বাসের যাত্রীরা। অনেকে নবজাতককে দেখে আনন্দ প্রকাশ করেন এবং স্মৃতি হিসেবে ছবিও ধারণ করেন।
এ ঘটনায় আইদি পরিবহনের সংশ্লিষ্ট চালক, স্টাফ ও যাত্রীদের সহযোগিতার প্রশংসা করেন প্রত্যক্ষদর্শী আল আমিন। পরবর্তীতে আইদি পরিবহন কর্তৃপক্ষ অন্য একটি বাসের মাধ্যমে সব যাত্রীকে তাঁদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে দেয়।
একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অপরিচিত মানুষের পাশে দাঁড়ানোর এই ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে—মানবিকতা এখনো বেঁচে আছে মানুষের হৃদয়ে। সত্যিই, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।





