শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শাহমাহমুদপুরের ৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মিজানুর রহমান পাটওয়ারীর গণসংযোগ

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
শাহমাহমুদপুরের ৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মিজানুর রহমান পাটওয়ারীর গণসংযোগ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। তারই অংশ হিসেবে ইউনিয়নের ৮নং ওয়ার্ডে গণসংযোগ করছেন মেম্বার পদপ্রার্থী সাংবাদিক মোঃ মিজানুর রহমান পাটওয়ারী।
শুক্রবার (২৭ নভেম্বর) ওয়ার্ডের মান্দারী মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করে তিনি উক্ত গ্রামের বিভিন্ন স্থানে এ গণসংযোগ করেন। এসময় এলাকার সাধারণ মানুষের অধিকার আদায় এবং অবহেলিত ৮নং ওয়ার্ডের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা ভোটারদের সামনে তুলে ধরছেন এই প্রার্থী।
ভোটারদের উদ্দেশ্যে মিজানুর রহমান পাটওয়ারী বলেন, আমি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে আপনাদের অধিকার রক্ষায় কাজ করতে চাই। আপনারা আমাকে অবহেলিত ৮নং ওয়ার্ড (মান্দারী-টাহরখীল) গ্রামবাসীর সেবা করার জন্য একবার সুযোগ দিয়ে দেখুন, সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে পাবেন ইনশাআল্লাহ।
এদিকে মিজানুর রহমান পাটওয়ারীর পক্ষে ৮নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণ এবং প্রবীণ ও তরুণ সমর্থকেরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে সামাজিক যোগাযোগমাধ্যমসহ মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এলাকার সাধারণ ভোটারদের মধ্যেও ক্লীন ইমেজের ব্যক্তিত্ব হিসেবে তাকে নিয়ে বেশ ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।

শাহমাহমুদপুরের পাইকদীতে মাদক বিরোধী সচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:১৫ পিএম
শাহমাহমুদপুরের পাইকদীতে মাদক বিরোধী সচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত
মাদক, কিশোর গ্যাং, সামাজিক অপরাধ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ইউনিয়নের মোল্লার বাজার সংলগ্ন ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকদি-ভাটেরগাঁও এবং কর্দ্দি পাঁচগাঁও মাদক নির্মূল কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক। এসময় তিনি তার বক্তব্যে বলেন, মাদকের সঙ্গে জড়িত অপরাধীদের কী ধরনের শাস্তি হতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। একজন অপরাধীকে শাস্তি দেওয়ার মাধ্যমে আরও ১০ জনকে শিক্ষা দেওয়া সম্ভব। অপরাধের তাৎক্ষণিক বিচার না হলে সেখান থেকে নতুন সমস্যার সৃষ্টি হয়।
তিনি বলেন, কোনো পরিবার যদি মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে একপর্যায়ে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এমনকি এলাকার ভেতরে ও বাইরে চুরি-ডাকাতির মতো ঘটনাও ঘটাতে পারে। অনেকেই মনে করেন, অমুকের ছেলে মাদকাসক্ত, কিন্তু আমার ছেলে ভালো।
এ ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ প্রতিবেশী খারাপ পথে গেলে তার নেতিবাচক প্রভাব নিজের পরিবার ও সমাজের ওপরও পড়তে পারে। এজন্য মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, মাদক থেকেই ইভটিজিং, হামলা, কিশোর গ্যাংসহ নানা ধরনের অপরাধের উৎপত্তি হয়। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। কিশোর গ্যাংয়ের ভয়াবহতা তুলে ধরে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ১২, ১৩ ও ১৪ বছর বয়সী ১০ থেকে ১৫ কিংবা ২০ জন কিশোর একত্রিত হয়ে বিভিন্ন স্থানে গিয়ে নিজের বাবার বয়সী মানুষের গায়ে হাত তুলছে। কেউ তাদের বাধা দিতে গেলে তাকেও আক্রমণ করছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবীর, চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউসুফ আলী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, আল-আরাফাহ্ হজ্ব কাফেলার চেয়ারম্যান শরিফ পাটওয়ারী, মাদক নির্মূল কমিটির সদস্য মানিক মিয়া, আবদুল বাকী, আক্তার হোসেন ও সাইফুল ইসলাম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মাদক নির্মূল কমিটির সদস্য হাফেজ তানভীরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদাউস, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রতিনিধিদল এবং স্থানীয় ব্যক্তিবর্গ সুমন খান, হেলাল খান, বেলাল খান ও রহিম খান, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ আয়োজক কমিটির আরো অনেকে। আলোচনা সভা শেষে ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মোল্লার বাজার পর্যন্ত একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়।
র‍্যালিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।