বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে শুক্রবার শাহমাহমুদপুরে র‍্যালি ও সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ পিএম
মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে শুক্রবার শাহমাহমুদপুরে র‍্যালি ও সচেতনতামূলক সভা
মাদক, কিশোর গ্যাং, সামাজিক অপরাধ ও সন্ত্রাসমুক্ত একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয়ে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় ইউনিয়নের মোল্লার বাজার সংলগ্ন ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাইকদি-ভাটেরগাঁও মাদক নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমানের। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
এছাড়া অতিথি হিসেবে থাকবেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান কবিরাজ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা মিজানুর রহমান মৃধাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও বরণ এবং আয়োজক সংগঠনের পরিচিতি, লক্ষ্য-উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। পরে অতিথিরা মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মিজি। অনুষ্ঠান উপস্থাপনা করবেন হাফেজ তানভীর।
আলোচনা সভা শেষে ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মোল্লার বাজার পর্যন্ত একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটি জানায়, মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন আয়োজকরা।

হাজীগঞ্জে পার্কিংয়ে থাকা পিকআপে অগ্নিসংযোগ, পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:৪৩ এম
হাজীগঞ্জে পার্কিংয়ে থাকা পিকআপে অগ্নিসংযোগ, পুড়ে ছাই

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের কাশিমপুর গ্রামে পার্কিং করা একটি পিকআপ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। তবে এই ঘটনায় হাজীগঞ্জ থানা পুলিশের কাছে কোন তথ্য নেই।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক সোহেল মিয়া এই তথ্য জানান। তিনি বলেন, সকালে স্থানীয় লোকজন তাকে জানালে ঘটনাস্থলে এসে এই পরিস্থিতি দেখেন। রাতে দুর্বৃত্তারা প্রথমে গাড়িটি চুরির চেষ্টা করে। পরে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে গাড়ির সামনের কেবিন, ইঞ্জিন, সামনের গ্লাস ও ভেতরের অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়। পেছনের বডির কিছু অংশ টিকে থাকলেও তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

ঘটনার বিবরণ জানানোর পর হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভুঁইয়া বলেন, গাড়ি পুড়ে যাওয়ার কোন ঘটনার তথ্য তিনি পাননি এবং কেউ থানায় অভিযোগ করেননি।

Model Hospital