বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে শাহরাস্তি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকালে পৌর শহরের ১ নং ওয়ার্ডের কাজিরকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় চাঁদপুর -৫ আসনের সাংসদ লায়ন ইঞ্জিঃ মমিনুল হক এমপির প্রতিনিধি হিসেবে এ কার্যক্রমের মাঠ পর্যায়ে শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন।তিনি তার বক্তব্যে বলেন,ফ্যামিলি কার্ডের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত এ কার্যক্রম বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকের জন্য পৌঁছে দিতে এই প্রয়াস। একই সঙ্গে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মমিনুল হক এমপির প্রচেষ্টায় এলাকায় শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করা হয়।
এ কর্মসূচির মাধ্যমে অসচ্ছল ও দরিদ্র পরিবারের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে যোগ্য পরিবারগুলোকে এ কর্মসূচির আওতায় আনা হবে। তবে শুরুতেই হতদরিদ্র, দরিদ্র ও অসচ্ছল পরিবারকে অগ্রাধিকার দিতে হবে, যাতে প্রকৃত উপকারভোগীরা কোনোভাবেই বঞ্চিত না হন।
ফ্যামিলি কার্ডের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। এ সময় জাতীয় পরিচয়পত্র, নিজ নামে নিবন্ধিত মোবাইল সিম, ছবি এবং পরিবারের আর্থসামাজিক অবস্থা ও সম্পদের তথ্য যাচাই করা হবে। সঠিক তথ্য প্রদানের মাধ্যমে এ কার্যক্রমে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬ অনুযায়ী, প্রকৃত উপকারভোগী নির্বাচনে পরিবারের আয়, সম্পদ ও আর্থসামাজিক অবস্থা বিবেচনায় বৈজ্ঞানিক পদ্ধতি বা প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) অনুসরণ করা হবে। পরিবারের নারীপ্রধানের নামে কার্ড ইস্যু করার বিধান রয়েছে। পাইলট কর্মসূচির নির্দেশিকা অনুযায়ী নির্বাচিত পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। কর্মসূচিটির লক্ষ্য দরিদ্র পরিবারের খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও নারীর ক্ষমতায়ন জোরদার করা।
সরকারি ভাতা ও ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার বিষয়ে সতর্ক করে বক্তারা বলেন, কোনো প্রতারক চক্র যেন অসহায় মানুষের কাছ থেকে অর্থ আদায় বা সরকারি সুবিধার নামে প্রতারণা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তথ্য সংগ্রহের জন্য কোনো অননুমোদিত ব্যক্তিকে অর্থ না দেওয়ার পাশাপাশি প্রকৃত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক গনি,পৌর যুব দলের যুগ্ন আহবায়ক মাহবুব হাসান বাবলু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, সহকারী সমাজসেবা কর্মকর্তা (ফিল্ড সুপারভাইজার) মোঃ আজিজ আহমদ এবং ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজার রায়হান গাজীসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।প্রাথমিক পর্যায়ে শাহরাস্তি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আটজন এবং ৭ নম্বর ওয়ার্ডে আটজনসহ মোট ১৬ জন তথ্য সংগ্রহকারী মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন।
উল্লেখ্য, জাতীয় পর্যায়েও ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ চলছে। ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ৫৯ লাখ ১৬ হাজার ৯৭৬টি পরিবারের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে বলে ২৬ নভেম্বর জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়। তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগী নির্বাচন এবং কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।