শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৫০০ যাত্রী’সহ মেঘনার চরে আটকা লঞ্চ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৫:২১ পিএম
৫০০ যাত্রী’সহ মেঘনার চরে আটকা লঞ্চ

মতলব উত্তর ব্যুরো : ‘সুন্দরবন-১১’ লঞ্চ থেকে পাঁচশ’ জনেরও বেশি যাত্রী নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাহেরচর নামক এলাকায় মেঘনা নদীর চরে আটকে পড়ে মঙ্গলবার গভীর রাতে।

বুধবার কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে চাঁদপুরের পশ্চিম মোহনপুর সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।
লঞ্চের মাস্টার আলম সরদার জানান, মঙ্গলবার দিবাগত রাতে চার শ’ যাত্রী নিয়ে ‘সুন্দরবন-১১’ বরিশালের যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। লঞ্চটি চাঁদপুরের মোহনপুরের কাছে পৌঁছালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নদীর তীরবর্তী চরের দিকে নিয়ে যাওয়া হয়।

যাত্রী ফারুক হোসেন বলেন, রাত ১১টার দিকে ফেরির যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং ১২টার দিকে চরে আটকে যায়। এই সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

তিনি জানান, সুন্দরবন ১১ লঞ্চের কোনো যাত্রীর বরিশালে পৌঁছাতে সমস্যা হয়নি। সবাই নিরাপদে সুরভী-৭ লঞ্চে চেপে বরিশালে এসে পৌঁছান। এদিকে সুন্দরবন-১১ লঞ্চটি এখনও চরে আটকে রয়েছে। জোয়ার হলে সেটিকে নামানো হবে। তবে সেটি বরিশালে আসবে না ঢাকায় যাবে তা এখনও মালিকপক্ষ জানায়নি।

Model Hospital

এদিকে লঞ্চের সুপারভাইজার সিরাজুল ইসলাম বলেন, জোয়ার না হলে লঞ্চটি নামানো যাচ্ছে না। বুধবার সন্ধ্যা (৬.৫০) পর্যন্ত লঞ্চটি নামনো সম্ভব হয়নি।

এদিকে সুরভী-৭ লঞ্চের যাত্রী কাউসার জানান, হঠাৎ করেই বরিশালগামী সুরভী-৭ লঞ্চটি নদী তীরে আটকে থাকা সুন্দরবন-১১ লঞ্চের দিকে এগিয়ে যায়। সুন্দরবন-১১ লঞ্চের কাছাকাছি গিয়ে দেখতে পাই সেটি একদিকে হেলে রয়েছে। তবে কীভাবে কী হয়েছে তা জানতে পারিনি। পরে সুন্দরবন-১১ লঞ্চের সঙ্গে আমাদের লঞ্চটি বেধে যাত্রীদের ওঠানো শুরু করে এবং রাত দেড়টার দিকে যাত্রীদের নিয়ে সুরভী-৭ লঞ্চ বরিশালের দিকে যাত্রা করে।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে সুন্দরবন-১১ লঞ্চটি পুলিশ টহলে রাখা হয়। এখন পর্যন্ত লঞ্চটি চরে আটকা অবস্থায় রয়েছে।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।