সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুরে চেয়ারম্যান-মেম্বারের নির্দেশে সরকারি গাছ কর্তনের অভিযোগ!

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ২:৩৮ পিএম
শাহমাহমুদপুরে চেয়ারম্যান-মেম্বারের নির্দেশে সরকারি গাছ কর্তনের অভিযোগ!
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট- শাহতলী রেল লাইন এলজিইডি সড়কের পাশে থাকা সরকারি গাছ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের নির্দেশে কর্তন চলছে। শাহমাহমুদপুর ইউনিয়নের অন্তর্গত উক্ত সড়কের পাশে থাকা বৃহৎ আকৃতির গাছ অনুমতি ছাড়াই কাটা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট-শাহতলী রেললাইন সড়কের ৪নং ওয়ার্ড বড় শাহাতলী গ্রামের পাটওয়ারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন রাস্তার পাশের বৃহৎ আকারের রেইনট্রি গাছ কেটে নিয়েছে স্থানীয়রা। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এর আওতাধীন সড়কের পাশে লাগানো গাছ গুলোর মধ্যে একটি গাছ স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী ও ইউপি সদস্য বিল্লাল হোসেনের নির্দেশে গাছটি কাটা হয়েছে।
হান্নান গাজী ও মাহমুদুল হাসান রাজুসহ কয়েকজন এলাকাবাসী জানান, এলজিইডি সড়কের পাশের এই গাছটি পুকুর পাড়ে হওয়ায় রাস্তা ভেঙে যাওয়ার আশংকায় ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী ও মেম্বার বিল্লাল হোসেন খানের অনুমতি সাপেক্ষে গাছটি কেটে ফেলা হয়েছে। গাছটি কেটে ওখানেই ফেলে রাখা হয়েছে। আর ডালগুলো বিক্রি করে কর্মীদের মুজুরি দেয়া হয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য বিল্লাল হোসেন খান বলেন, আমাকে স্থানীয়রা বিষয়টি জানিয়েছে তবে আমি কোন অনুমতি দেইনি। আমার প্রতিপক্ষরা আমাকে ফাঁসানোর জন্য এমনটা করছে। শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী বলেন, আমি সরকারি গাছ কাটার অনুমতি কাউকে দেইনি। তবে কয়েকজন এলাকাবাসী আমাকে এ বিষয়ে অবগত করার পর তাদেরকে বলেছি আপনারা প্রশাসনের অনুমতি নিয়ে যেটা ভালো হয় সেটা করেন।
চাঁদপুর সদর উপজেলা বন কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন কাজী বলেন, সড়কের যেকোন গাছ কাটতে হলে উপজেলা প্রশাসনের অনুমতি নিতে হবে। যদি কোন গাছ ঝুঁকিপূর্ণ হয়ে থাকে তাহলে উপজেলা মাসিক মিটিং এ বিষয়টি উপস্থাপনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি সাপেক্ষে গাছ কাটতে হবে। তবে প্রশাসনকে অবগত না করে গাছ কেটে থাকলে কাজটি মোটেও ঠিক করেন নি।
এদিকে বন বিভাগ সূত্রে জানা যায়, গত ২০১১ সালে দি সামস বহুমুখী সমবায় সমিতি লিঃ ঘোষেরহাট হইতে শাহাতলী রেল লাইন পর্যন্ত দুই কিলোমিটার সড়কের পাশের রোপিত ২ হাজার গাছের চারাসহ লিজ নেওয়া হয়েছে। সেই হিসেবে কর্তনকৃত উক্ত গাছটিও এর মধ্যে পড়তে পারে। আর যদি নাও পড়ে তাহলে এর মালিক সরকার। তবুও উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি সাপেক্ষে গাছটি কাটার নির্দেশনা রয়েছে। এছাড়াও এলাকাবাসী বলছেন গাছটি কাটার জন্য ইউপি চেয়ারম্যান ও মেম্বারের অনুমতি রয়েছে। অথচ জনপ্রতিনিধিরা এর কিছুই বলেন না।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।