বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চায়না দুয়ারীতে ধ্বংস মেঘনা ও ধনাগোদা নদীর মৎস্যভান্ডার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১৯ পিএম
চায়না দুয়ারীতে ধ্বংস মেঘনা ও ধনাগোদা নদীর মৎস্যভান্ডার

মতলব উত্তর উপজেলার মেঘনা ও ধনাগোদা নদীর আশপাশের প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়েছে চায়না দুয়ারী জালের ব্যবহার। যার ফলে ধ্বংস মেঘনা ও ধনাগোদা নদীর মৎস্যভান্ডার।
স্থানীয় হরে কৃষ্ণ বর্মন জানান, কয়েক বছর আগেও বর্ষা মৌসুমে যখন নদীতে পানি আসত তখন বাঁশ-বেতের ফাঁদ তৈরির কাজে দম ফেলার ফুরসত মিলত না। সেগুলো দিয়েই চলত মাছ শিকার। তবে চায়না দুয়ারী জাল বাজারে আসার পর সব শেষ। দুয়ারী ফাঁদ দিয়ে সহজেই বেশি মাছ ধরা যায়। তাই মানুষ এখন বাঁশের ফাঁদ কিনতে চায় না। এই জালে মাছ মারা পড়ে নির্বিচারে। সঙ্গে ধরা পড়ে নানা ধরনের জলজপ্রাণীও।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, কারেন্ট জাল ব্যবহার বন্ধে সরকার ও মৎস্য বিভাগ যখন হিমশিম খাচ্ছে, ঠিক তখনই মৎস্য সম্পদকে ধ্বংস করতে মতলব উত্তরের জেলেরা মেঘনা ও ধনাগোদা নদীতে নির্বিচারে অধিক মাছ শিকারে চায়না দুয়ারী নামের নতুন এক বিশেষ ফাঁদ ব্যবহার করছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই জাল ব্যবহারে ভবিষ্যতে দেশীয় প্রজাতির মাছ অস্তিত্ব সংকটে পড়বে। এই ধরনের ক্ষতিকর ফাঁদ ব্যবহার বন্ধে মৎস্য বিভাগ আইন করে এ বছর থেকে চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে। তবে জনবল সংকটের কারণে মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন করা যাচ্ছে না।

উপজেলার মেঘনা নদীর চরকাশিম, বোরোচর, চরওয়েস্টার, চর জহিরাবাদ, আমিরাবাদ, এখলাছপুর, ষাটনল, ও সটাকী এলাকা এবং ধনাগোদা নদীর উৎস মুখে গিয়ে দেখা যায়, শত শত ছোট ডিঙি নৌকা ও বড় নৌকা নদীর তীরের দিকে থেমে আছে। দেখে বোঝার উপায় নেই, কী কারণে নৌকাগুলো অলস পড়ে আছে। একটু খোঁজ নিতেই জানা গেল, এসব নৌকা মাছের বংশ ধ্বংসকারী চায়না দুয়ারী নামের এক ধরনের ফাঁদ ফেলে বসে আছে।

Model Hospital

মেঘনায় থাকা মিঠা পানির সব ধরনের দেশীয় প্রজাতির মাছ সূক্ষ্ম এই ফাঁদে ধরা পড়ছে। দেশীয় প্রজাতির ডিমওয়ালা মাছও এই ফাঁদের হাত থেকে রক্ষা পায় না। এতে ক্রমেই মৎস্যশূন্য হয়ে পড়ছে পদ্মা ও বড়াল নদীসহ এর সংলগ্ন খাল-বিলগুলো।

জেলেরা জানান, চায়না দুয়ারী সাধারণত এক থেকে দেড় ফুট উচ্চতার, ৬০ থেকে ১০০ ফুট দৈর্ঘ্য ও ক্ষুদ্র ফাঁসবিশিষ্ট ঢলুক আকৃতির হয়ে থাকে। লোহার চারটি রড ও রডের রিং দিয়ে খোঁপ খোঁপ আকারে বক্স তৈরি করে চারপাশ সূক্ষ্ম জাল দিয়ে ঘের দিয়ে তৈরি করা হয় এই ফাঁদ।

ধনাগোদা নদীতে চায়না দুয়ারী দিয়ে মাছ শিকার করা ইমাম আলী নামে এক জেলে জানান, এই ফাঁদে সব ধরনের মাছই আটকা পড়ে। আগে কারেন্ট জাল ব্যবহার করতেন। তবে এখন চায়না দুয়ারীর ব্যবহার বেশি। এই জালে কারেন্ট জালের চেয়ে খরচ কম, আয় বেশি।

কালির বাজার এলাকার ধনাগোদা পাড়ের বাসিন্দা সেলিম হোসেন জানান, বিকেল হলেই ছোট-বড় অসংখ্য নৌকায় এই চায়না দুয়ারী নদীতে ফেলা হয়। সারারাত নদীতে রাখার পর সকালে জাল তুলে আনলে ধরা পড়ে দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় সব মাছ, নদীতে থাকা জলজ প্রাণী এমনকি ছেঁকে ওঠে মাছের ডিমও। এ জাল দিয়ে মাছ ধরলে কিছুদিন পর হয়তো নদীতে আর কোনো মাছ পাওয়া যাবে না।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, চায়না দুয়ারী এক ধরনের নিষিদ্ধ ফাঁদ। এ মৌসুম থেকে এ জাল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ জালের বিরুদ্ধে নদীতে আমাদের অভিযান চলমান আছে। তবে জনবল সংকটের কারণে কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটছে।

নদীতে পানি আসতে শুরু করায় অবৈধ চায়না জালগুলোর ব্যবহার বাড়ছে। অবৈধ চায়না জাল বন্ধে বিভিন্ন প্রচার-প্রচারণা করা হচ্ছে। এছাড়া মাঝেমধ্যে অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবহিত করা হয়েছে যাতে নদীতে অবৈধ চায়না জাল ব্যবহার না করা হয়।

তিনি আরও বলেন, চায়না জাল একটা ফিক্সড ইঞ্জিন বলা হয়। এই জালে ছোট-বড় সব মাছই ধরা পড়ে। বিশেষ করে দেশীয় প্রজাতির মাছগুলো বেশি আটকে জালে। এটি জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি। চায়না জাল খাল ও বিলে বেশি ব্যবহার করা হয়। নদীর কিনার বা চর এলাকায় এই জালটি ব্যবহার হয়।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ