বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

জমিজমা নিয়ে বিরোধ

কচুয়ায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩১ পিএম
কচুয়ায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

কচুয়ার আকানিয়া-নাছিরপুর গ্রামে মিথ্যা মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে আকানিয়া-নাছিরপুর গ্রামের সড়কে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে মামলাবাজ ছেফায়েত উল্যাহ মুন্সী’র শাস্তির দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের আকানিয়া-নাছিরপুর গ্রামের অধিবাসী মৃত. আব্দুর রহিম উদ্দিন মুন্সীর ছেলে ছেফায়েত উল্যাহ মুন্সীর চাচা সম্পর্কে একই গ্রামের রমিজ উল্যাহ গংদের সাথে কবরস্থানের ৭শতাংশ জায়গাকে কেন্দ্র করে এক পরিবারের বিরুদ্ধে ৫টি মামলাসহ গ্রামের বিভিন্ন লোকজনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত ও থানায় ২১টি মামলা দিয়ে ৩৬ ব্যক্তিকে হয়রানি করে আসছে। ৩৬জনের ব্যক্তির মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে।

প্রতিপক্ষ রমিজ উল্যাহ’র বিরুদ্ধে ছেফায়েত উল্যাহ মুন্সীর দায়েরকৃত মামলা গুলো হচ্ছে, মামলা নং-৮৩৫/২০২৩,৯০/২০২৩,১৭/২০২১,৩৫৬/২০২১,২২৩/২০২৩। এ মামলার আসামীরা হচ্ছেন, মৃত সালামত উল্যাহ’র পুত্র রমিজ উল্যাহ, রমিজ উল্যাহর ছেলে মোহাম্মদ উল্যাহ, মো. রুবেল ও রমিজ উল্যাহ’র স্ত্রী। ছেফায়েত উল্যাহ মুন্সী ৮৩৫/২০২৩ মামলাটি দায়ের করে ২২৮৮ দাগ উল্লেখ করে ওই দাগে ৭শতাংশ জমির দাবিতে। অথচ ২২৮৮ দাগের ৭ শতাংশ জমির মালিকদার বাদী ছেফায়েত উল্যাহ মুন্সী নিজেই। এ দাগের কোনো জায়গা নিয়ে মামলার বিবাদী রমিজ উদ্দিন মুন্সীর মামলার বাদী ছেফায়েত উল্যাহর কোনো বিরোধ নাই। রমিজ উল্যাহ মুন্সীর ২২৮৭ দাগে ৭ শতাংশ সম্পত্তির মালিকদার। ছেফায়েত উল্যাহ তথ্য গোপন করে অর্থাৎ মিথ্যা দাগ নং উল্লেখ পূর্বক মামলা দায়ের করে প্রতিপক্ষকে হয়রানি করার প্রতিবাদ করায় (৯০/২০২৩) মামলায় বাদীর পুত্র আব্দুর রহমান (২৫) ও হাবিবুর রহমান (৩৬), নাতি শাহপরান শিশির (২০) কে আসামী করা হয়। ওই মামলায় আব্দুর রহমান কয়েক দিন কারাবরন করেন।

একই ভাবে ছেফায়েত উল্যাহ মুন্সী ওই গ্রামের মৃত. রেছায়েত উল্যাহ মুন্সীর ছেলে মজিব উল্যাহ ও অলি উল্যাহসহ ৮জনকে আসামী করে মামলা দায়ের করেন। যার মামলা নং ৩৩৯/২০০৩।

Model Hospital

ছেফায়েত উল্যাহ মুন্সী কর্তৃক একই বাড়ির রেছায়েত উল্যাহ মুন্সীর বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করেন যার নং- ০৪/২০১৩ ও ১৬৭/২০১৯ ও মো: নং-২৬/২০১৩। অলি উল্যাহ মামলা নং-২২/২০১৪, রমিজ উল্যাহ’র ছেলে মোহাম্মদ উল্যাহসহ ৬জন আসামী করে মামলা নং- ১৯৮/২০২২, মহিব উল্যাহ’র ছেলে দ্বীন ইসলাম, রাসেল, রেছায়েত উল্যাহ’র ছেলে অলি উল্যাহ, মহিব উল্যাহ ও মৃত. গোলাম হোসেনের ছেলে শহীদ উল্যাহ, মামলা নং- ১৬/২০১৯, মহিব উল্যাহ’র স্ত্রী মার্জিয়া বেগম, মজিব উল্যাহ’র স্ত্রী পারুল বেগম, অলি উল্যাহর স্ত্রী তাছলিমা বেগম, রেছায়েত উল্যাহর ছেলে মহিব উল্যাহ, অলি উল্যাহ ও মহিব উল্যাহ’র ছেলে রাসেল, জি.আর মামলা নং ৩৩/১৯ ও মৃত. গোলাম হোসেনের ছেলে শহীদ উল্যাহ গং মামলা নং- ২৩/২০২১৯ইং।

এদিকে একের পর এক মামলা দায়ের করায় বিবাদী রমিজ উল্যাহ বাদী হয়ে ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ন্যায় বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করলে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর বেশ কয়েকবার ছেফায়েত উল্যাহকে নোটিশ করলেও তিনি উপস্থিত হননি। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর বিবাদী ছেফায়েত উল্যাহ মুন্সীর কর্মকাণ্ড অনুসন্ধানের মাধ্যমে খারাপ প্রকৃতির ও আইন অমান্যকারী বলে প্রতিবেদন দেন। এ ঘটনায় বাদী ছেফায়েত উল্যাহ ও তার সহযোগিদের দৃষ্টান্তমুলক শাস্তি ও দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ