বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ১০:২২ পিএম
চাঁদপুরমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপ

চাঁদপুরমুখী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে গাড়ির কাচ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এতে করে যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেনের মধ্যে ছোটাছুটি করে শুরু করে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফেনী স্টেশনে পৌঁছার আগ মুহূর্তে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। চট্টগ্রামের এসএসটিএল মোহাম্মদ রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমি নিজেও এখন মেঘনা ট্রেনে রয়েছি। বিকেলে যাত্রী নিয়ে চট্টগ্রাম হতে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যায় ফেনী স্টেশনে পৌঁছানোর আগ মুহূর্তে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ট্রেনটিতে পাথর নিক্ষেপ শুরু করে।

তিনি আরও বলেন, মূলত দুর্বৃত্তের দল ৯১৬৫ বগিটিতে পাথর ছুঁড়েছে। এতে ট্রেনের ওই বগির উভয় পাশের বগির জানালার কাচ ভেঙে যায়। তবে কেউ এ ঘটনায় আহত হয়নি এবং সবাই মুহূর্তেই দৌড়ে ছোটাছুটি করে নিরাপদ স্থানে সড়ে যায়।

Model Hospital

উল্লেখ্য, চাঁদপুর চট্টগ্রাম রেলপথে সাগরিকা এক্সপ্রেস ও আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস নামে বর্তমানে দুটি ট্রেনই নিয়মিত চলাচল করছে।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।