চাঁদপুরে পুলিশের ভাড়া করা বাসে আগুন, চালকসহ দুইজন আহত
চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ইলিশ চত্বরের কাছে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাস আগুনে পুড়েছে।

শনিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনায় আনন্দ পরিবহন নামের বাসটির চালক ও চালকের সহকারী আহত হয়েছেন। এটি নাশকতা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আগুনে শরীরের কিছু অংশ পুড়ে যাওয়ায় চালকের সহকারী মো. খোকনকে (৪৫) চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস থেকে দ্রুত নামতে গিয়ে আহত হন চালক নাসির উদ্দিন (৫৫)।

বাসচালক নাসির উদ্দিন জানান, শহরের বাসস্ট্যান্ড ইলিশ চত্বরে ভোরে হঠাৎ বাসের ভেতর আগুন ধরে যায়। পরে তাঁর সহকারী খোকন অগ্নিদগ্ধ অবস্থায় বাস থেকে লাফিয়ে পড়েন। তিনিও লাফিয়ে বাস থেকে নেমে পড়েন। খবর পেয়ে কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসের মালিক সম্ভু চন্দ্র ঘোষের দাবি, দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ করেছে। এতে পুরো বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ মুহসীন আলম বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে চালক ও চালকের সহকারীকে জিজ্ঞাসাবাদ করছেন। কয়েলের আগুন থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, এটি নাশকতা নাকি অন্য কিছু ‘আমরা বিষয়টি ভালোভাবে তদন্ত করছি।








