হাইমচরে চোরাই মাল নিয়ে মহিলা মেম্বারের স্বামী মনির গাজীসহ আটক ৪
মোশাররফ হোসেন নয়ন প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৪:৪৩ পিএম
হাইমচরের হাটবাজার, দোকানপাট এবং বাসাবাড়িতে একাধিক চুরির ঘটনায় ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ফাতেমা বেগম এর বাড়ী হতে পুলিশের অভিযানে চোরাই মালসহ তার স্বামী মনির গাজীসহ ৪ চোরকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
জানা যায়, ৭নং পূর্বচর কৃষ্ণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কুসুম বেগম এর ফাঁকা বাড়িতে তালা ভেঙে নগদ টাকা, স্বর্নালংকার, টিভি, ওভেন চুরি হওয়ার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অভিযান চালিয়ে চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়।
তার জবানবন্দীর উপর ভিত্তি করে চাঁদপুর সদর এলাকা থেকে বিক্রিকৃত চোরাই মাল টিভি এবং ওভেন উদ্ধার করা হয়। পরবর্তীতে গাজীর বাজার এলাকা থেকে স্বর্নালংকারসহ মনির গাজীকে আটক করা হয়।
আটককৃত বাকিরা হলেন ফরহাদ, রিয়াদ এবং মিন্টু। দীর্ঘদিন হতে মনির গাজী ও আটককৃতরা এসকল অপকর্মের সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানায়।
তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন।








