শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ব্যক্তি ছাত্রশিবির নয়, ছাত্রদল নেতা

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ১:৩৫ পিএম
ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ব্যক্তি ছাত্রশিবির নয়, ছাত্রদল নেতা

সম্প্রতি “ডিবি পরিচয়ে চাঁদাবাজী করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্র শিবির নেতা আটক” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে আটক ওই ব্যক্তি শিবির নেতা নয়, তিনি ছাত্রদল নেতা বলে জানিয়েছে রিউমার স্ক্যানার বাংলাদেশ।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তি বাংলাদেশ ইসলামী শিবিরের কোনো নেতা নন বরং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ২৩ ডিসেম্বর (২০২৪) “ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন এসআই ও ছাত্রদল নেতা” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় জুয়ার আসর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও আরেক ছাত্রদল নেতা জনতার হাতে ধরা পড়েন। পরে তাদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

Model Hospital

পরবর্তীতে মূলধারার একাধিক গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত সংবাদে আটক ব্যাক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। আটক ব্যাক্তিরা হলেন-বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি রাসেল আকন এবং বরিশালের কাজিরহাট থানার এসআই রেদোয়ান।

অর্থাৎ, ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তিরা বাংলাদেশ ছাত্রশিবিরের কোনো নেতা নন। সুতরাং, ডিবি পরিচয়ে চাঁদাবাজী করতে গিয়ে ছাত্রদল নেতার আটকের বিষয়টিকে বরিশাল মহানগর ছাত্র শিবির নেতা আটক দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

ঘটনার পর বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম গণমাধ্যমকে বলেছিলেন, ‘শাকিবুল ছাত্রদল বরিশাল মহানগরের সহসভাপতি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।

কারো ব্যক্তিগত অপকর্ম সংগঠন নেবে না।’
বরিশালের কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেছিলেন, এসআই রেদোয়ান ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।