শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৯:৫৭ পিএম
প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল
চাঁদপুরের দুর্গম চরাঞ্চলে বসবাসকারী প্রায় ২ লাখ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘বাংলাদেশ ফ্লোটিং মেডিকেল মোবাইল ইউনিট’ প্রকল্পের অধীনে ভাসমান মেডিকেল মোবাইল হসপিটালের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা সচিব মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি মাইলফলক হবে বলে আশা প্রকাশ করেন। এই উদ্যোগটি দেশের স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি করতে সমন্বিত প্রচেষ্টার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোঃ আবু জাফর, বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এর প্রতিষ্ঠাতা রুনা খান, কিং আবদুল্লাহ হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (KAHF)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুলাইমান আবদুলআজিজ আজ্জাবিন এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের স্পেশাল ও ট্রাস্ট ফান্ড বিভাগের পরিচালক আদিল এম, আলশারিফ।
ফ্রেন্ডশিপ এর প্রতিষ্ঠাতা রুনা খান তার বক্তব্যে জানান, তাদের পাঁচটি হাসপাতাল সমন্বিত এই প্রকল্পটি আগামী পাঁচ বছরে দক্ষিণ উপকূলীয়, উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্বের নদীবেষ্টিত ১২টি জেলার ১৩টি উপজেলায় প্রায় ৩২.৭ লাখ মানুষের কাছে অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই উপজেলাগুলো হলো বাকেরগঞ্জ, আমতলী, কলাপাড়া, জগন্নাথপুর, আজমিরিগঞ্জ, বেড়া, কুমারখালী, মলো, দাকোপ, হাইমচর, রামগতি, ভোলা সদর ও দৌলতখান।
এ সময় হাইমচর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
কিং আবদুল্লাহ হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (KAHF), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IsDB), বাংলাদেশ সরকার (GoB) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, ভৌগোলিক বিচ্ছিন্নতা ও অর্থনৈতিক দৈন্যতার কারণে যারা এতদিন মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন, এই ভাসমান হাসপাতাল তাদের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ব্যতিক্রমী উদ্যোগটি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।