শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ পপুলার হাসপাতালের নারী চিকিৎসকের বিরুদ্ধে থানায় কৃষকের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১১:৪১ পিএম
হাজীগঞ্জ পপুলার হাসপাতালের নারী চিকিৎসকের বিরুদ্ধে থানায় কৃষকের অভিযোগ

হাজীগঞ্জ পপুলার ল্যাব ও জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী কৃষক। অভিযোগে তিনি তার স্ত্রীর জীবন ঝুঁকিতে পড়ার ঘটনাও উল্লেখ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার বদরপুর টোরাগড় এলাকার বাসিন্দা মোঃ আলমগীর হোসেন গত ২০ এপ্রিল তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুবি বেগমকে প্রসবজনিত কারণে হাজীগঞ্জ পপুলার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গাইনী বিশেষজ্ঞ ডাঃ আফরোজা খানের তত্ত্বাবধানে সিজার অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। অপারেশনের পর ২৫ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

বাদীর অভিযোগ, ছাড়পত্র দেওয়ার পর বাড়ি নেওয়ার পর থেকেই তার স্ত্রীর পেট ব্যথা ও রক্তক্ষরণ না হওয়ার সমস্যা দেখা দেয়। পরবর্তীতে একাধিকবার তিনি স্ত্রীকে ডাঃ আফরোজা খানের কাছে নিয়ে গেলে, চিকিৎসক পরীক্ষা করে ঔষধ প্রদান করেন, তবে সমস্যার প্রকৃত কারণ চিহ্নিত না করে চিকিৎসায় অবহেলা করেন বলে অভিযোগ।

রুবি বেগমের অবস্থার আরও অবনতি হলে ১০ মে তাকে কুমিল্লার জাউতলা রয়েল হাসপাতালে নেওয়া হয়। সেখানে গাইনী বিশেষজ্ঞ ডাঃ সীমা মজুমদার পুনরায় অপারেশন করে জানান, আগের সিজার অপারেশনের পর সেলাই যথাযথভাবে না করায় জরায়ুতে ক্ষতের সৃষ্টি হয় ও রক্ত জমাট বাঁধে, যা ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে।

Model Hospital

এ ঘটনায় বাদী মোঃ আলমগীর হোসেন দাবি করেন, তার স্ত্রীর চিকিৎসা বাবদ ইতোমধ্যে প্রায় ২ লক্ষাধিক টাকা খরচ হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলে তারা কোনো কর্ণপাত না করে উল্টো তাকে হুমকি ও অশোভন আচরণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে অভিযোগের বিষয়ে মালিকপক্ষের আ. কাদের বাবু বলেন, এই বিষয়ে থানা অভিযোগ হয়েছে, আমরা আইনকে সম্মান দেখিয়ে থানা বসে অভিযোগ নিষ্পত্তি করবো।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।