পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
নোয়াখালীর হাতিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি মো. মিরাজ উদ্দিনকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের ওপর হামলায় দুই সদস্য আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে রোববার (৮ জুন) রাত ১০টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর এলাকায়। পুলিশের ওপর এই হামলার ঘটনায় সোমবার সকালে পাঁচজনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মিরাজকে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নেওয়ার সময় ৩০-৪০ জনের একটি দল মো. ইয়াছিনের নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এএসআই অভিজিত বডুয়া ও কনস্টেবল সুজন কান্তি নাথ গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, “এ ধরনের ঘটনা হাতিয়ায় আগে ঘটেনি। আসামি ছিনিয়ে নেওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”









