শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

১৫ মোটরসাইকেল ভাঙচুর

ফরিদগঞ্জে নিখোঁজ ইব্রাহিমকে খোঁজতে গিয়ে সংঘর্ষে আহত-১০

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১০:০৬ পিএম
ফরিদগঞ্জে নিখোঁজ ইব্রাহিমকে খোঁজতে গিয়ে সংঘর্ষে আহত-১০
চাঁদপুরের ফরিদগঞ্জে ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং ১০–১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
সোমবার (১৬ জুন) সকালে উপজেলার বালিথুবা পশ্চিম ও পাইকপাড়া উত্তর ইউনিয়নের দুটি পরিবারের মধ্যে পূর্বের একটি ঘটনা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। দিনের শুরুতে পরিস্থিতি শান্ত থাকলেও বিকেলে বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও এলাকার কয়েকজন লোক শাশিয়ালি এলাকায় গিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও এলাকার আবুল হাসেমের ছেলে ইব্রাহিম (১৭) পারিবারিক অভিমানে বাড়ি ছেড়ে জামতলা এলাকায় বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, ইব্রাহিম তার বন্ধু মাহাদির বাড়িতে অবস্থান করছে।
রোববার গভীর রাতে ইব্রাহিমের মামা রাশেদ ও তার আত্মীয়রা জামতলায় গিয়ে মাহাদির বাড়ির সামনে অপেক্ষা করতে থাকেন। ভোরের আজানের পর তারা মাহাদিদের ঘরে ডাকাডাকি শুরু করেন। এসময় মাহাদিদের আত্মীয় রবিউল চিৎকার করে চোর বলে অভিযোগ করেন। এর পরই বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়।
রাশেদের ভাষ্য অনুযায়ী, মাহাদি ইব্রাহিমকে ঘরের লাকড়ির ঘরে লুকিয়ে রাখে। তাঁরা ইব্রাহিমের খোঁজ নিতে চাইলে মারধরের ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি সদস্য মিজান ও বিএনপি নেতা আব্দুল হান্নান ঘটনাটি সমাধানের জন্য বৈঠকের উদ্যোগ নেন।
বিকেল সাড়ে ৩টার দিকে মদনেরগাঁও এলাকার এক থেকে দেড় শতাধিক লোক দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেল ও অটোরিকশা যোগে শাশিয়ালি এলাকায় আসে। শাশিয়ালি এলাকার বাসিন্দাদের অভিযোগ, তারা হামলা চালিয়ে তাণ্ডব চালায়। এরপর এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে।
মদনেরগাঁও এলাকার সাজিদ পাটওয়ারী জানান, তাঁর এলাকার ইব্রাহিমের পরিবারের সদস্যদের মারধরের খবরে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে শাশিয়ালি এলাকার বাসিন্দারা তাদের উপর অতর্কিতে হামলা চালায়।
এসময় রাকিব গাজী, শরীফ পাটওয়ারী, সুজন বেপারী, তামিমসহ অন্তত ৮–১০ জন আহত হন। তাঁদের চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হামলায় অন্তত ৮–১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
শাশিয়ালি এলাকার বাসিন্দা আব্দুল মালেক অভিযোগ করেন, তাঁর ছেলে রবিউলের ওপর হামলার পাশাপাশি তাঁকেও মারধর করা হয়েছে। তাঁর স্ত্রী রুনু বেগমও হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা এলাকার মসজিদে গিয়েও মোয়াজ্জেম আব্দুল হান্নানের ওপর হামলা চালানোর চেষ্টা করে।
সংঘর্ষের খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের এসআই কফিল উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।