হাজীগঞ্জে অস্ত্র ও মাদকসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার
চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার টোরাগড় এলাকার পরিত্যক্ত হামিদা জুট মিল গেইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শামীম (২৬), মো. রবিউল ইসলাম (২৫), মাঈন উদ্দিন খান অপু (২৪), মো. বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন জুবায়ের (২৩) ও মো. শফিকুল ইসলাম (২১)। তারা সবাই হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার বাসিন্দা।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাতজনকে আটক করা হয়।’

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শামীমের কাছ থেকে ২০ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল, ছেনী, বড় ছুরি, কোড়াবাড়ি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া পলাতক আসামিদের ফেলে যাওয়া লোহার রড, গামছা ও ব্লেডও উদ্ধার করা হয়।

ওসি মহিউদ্দিন ফারুক আরও বলেন, ‘আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন সময় এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।’
ঘটনার বিষয়ে হাজীগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা করা হয়েছে ডাকাতির প্রস্তুতির অভিযোগে (মামলা নং-১৪) এবং আরেকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (মামলা নং-১৫)।
এ ঘটনায় পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।





