রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৫:৫১ পিএম
শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগ প্রতিরোধে ১৬০ ডোজ  টিকা র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিনের বিশেষ নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
গত ২২ জুলাই জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন শাহরাস্তি উপজেলা সফরে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবৎ জলাতঙ্ক প্রতিরোধী টিকা (র‌্যাবিস ভ্যাকসিন) এবং সাপের কামড়ের প্রতিষেধক (অ্যান্টিভেনাম) সংকটের বিষয়টি তুলে ধরেন এবং প্রয়োজনীয় সরবরাহের অনুরোধ জানান।
ডা. আকলিমার আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক তাৎক্ষণিক গুরুত্ব অনুধাবন করে উপজেলা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নিজস্ব বরাদ্দ থেকে জরুরি ভিত্তিতে র‌্যাবিস ভ্যাকসিন সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার, ৭ আগস্ট শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা তার কার্যালয়ে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহানের হাতে ১৬০ ডোজ র‌্যাবিস ভ্যাকসিন তুলে দেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বিগত কয়েক মাস ধরে জলাতঙ্ক প্রতিষেধকের সংকটে রোগীরা আশপাশের উপজেলা বা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছিলেন। এখন থেকে স্থানীয় পর্যায়েই এই জরুরি চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হলো।
স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিষেধক সরবরাহকে সময়োপযোগী এবং মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয় স্বাস্থ্যকর্মী ও সেবা গ্রহণকারীরা। তারা জানান, গ্রামাঞ্চলে কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি হলেও, প্রতিষেধকের অভাবে অনেকেই সময়মতো চিকিৎসা পাচ্ছিলেন না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, “স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং প্রাণঘাতী রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন সব সময় প্রস্তুত। ভবিষ্যতে সাপের কামড়ের অ্যান্টিভেনাম সরবরাহের দিকেও আমরা নজর দেব।”
উপজেলা প্রশাসনের এমন জনকল্যাণমূলক উদ্যোগে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এই ভ্যাকসিন সরবরাহের মাধ্যমে শাহরাস্তি উপজেলায় জলাতঙ্ক রোগ প্রতিরোধ ও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।