শেখ মুজিবের জন্য দোয়া মাহফিল, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেওয়ায় নোয়াখালীর কবিরহাট থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—মসজিদের ইমাম নিজাম উদ্দিন, মুয়াজ্জিন নজরুল ইসলাম এবং স্থানীয় যুবলীগ কর্মী মো. করিম।

স্থানীয় সূত্র জানায়, বিকেল সোয়া ৫টার দিকে প্রয়াত ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে ‘স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা দোয়া মাহফিলের আয়োজন করেন। সেখানে ইমাম ও মুয়াজ্জিন দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে রাতেই তাদের আটক করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, দোয়া মাহফিলে অংশ নেওয়ার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।








