শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিএনপির উদ্যোগে দুর্গাপূজা উদযাপনকে ঘিরে মতবিনিময় সভা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩১ পিএম
শাহরাস্তিতে বিএনপির উদ্যোগে দুর্গাপূজা উদযাপনকে ঘিরে মতবিনিময় সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার কালিয়া পাড়া দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির সমন্বয়ক এবং চাঁদপুর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার লায়ন মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য সব ধর্মের মানুষের অংশগ্রহণে সমৃদ্ধ। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সবাইকে একযোগে কাজ করতে হবে। বিএনপি সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এবং প্রতিটি ধর্মীয় উৎসবকে বাঙালি ঐতিহ্যের অংশ হিসেবে লালন করে। তাই পূজার সময় শৃঙ্খলা, নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে আমাদের কর্মী-সমর্থকদের যথাযথ ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় বজায় রেখে উৎসবমুখর পরিবেশ গড়ে তুলতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,  পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবদুর রহিম ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,পৌরসভার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, পৌরসভা যুবদলের সভাপতি জাকির হোসেন নয়ন,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুদ হোসেন,  ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ ও সদস্য সচিব আলী আজগর মিজি, পৌরসভার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুব আলম বাবলু এবং পৌর যুগ্ম আহ্বায়ক আলী আজগর মোল্লা, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন, থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র মজুমদার এবং খিলাবাজার পূজা মণ্ডপের সভাপতি নিমাই চন্দ্র ভৌমিক,সাধারণ সম্পাদক অমৃত মজুমদার  টুটুন,বিশিষ্ট ব্যবসায়ী উত্তম পাল।
সভা শেষে উপজেলার ১৯টি পূজা মণ্ডপের জন্য আর্থিক অনুদান প্রদান করেন প্রধান অতিথি, যাতে ভক্তবৃন্দ নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন।
এছাড়া, সভার পূর্বে ইঞ্জিনিয়ার মমিনুল হক পৌর বিএনপির সদ্য প্রয়াত সাবেক পৌর বিএনপির  সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের কবর জিয়ারত করেন। জিয়ারাতে মোনাজাত পরিচালনা  করেন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মুস্তাফিজুর  রহমান।
পরে  প্রধান অতিথি  মরহুমের পরিবারের খোঁজখবর নিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা প্রদান করে।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।