শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে ব্যবসায়ীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

ব্যবসায়ীদের আস্থা ফিরে পেতে জামায়াতকে একবার সুযোগ দিন ; এমপি পদপ্রার্থী আবুল হোসাইন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫১ পিএম
ব্যবসায়ীদের আস্থা ফিরে পেতে জামায়াতকে একবার সুযোগ দিন ; এমপি পদপ্রার্থী আবুল হোসাইন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে হাজীগঞ্জ বাজারের স্থানীয় একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা আমীর মোঃ কলিম উল্ল্যাহ্ ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যবসায়ীদের আস্থার ঠিকানা ও নিরাপদ আশ্রয়। দুর্নীতিমুক্ত ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতকে একবার ক্ষমতায় যাওয়ার সুযোগ দিয়ে পরীক্ষা করে দেখার আহ্বান জানাই। আমরা চাই ব্যবসাবান্ধব পরিবেশ, সুশাসন ও ন্যায়ভিত্তিক অর্থনীতি।”

হাজীগঞ্জ পৌর আমীর মোহাম্মদ আবুল হাসানাত পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার পরান, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী, পৌর নায়েবে আমীর মাওলানা মো. কবির হোসাইন, পৌর সেক্রেটারী মো. সফিকুর রহমান মজুমদার, উপজেলা নায়েবে আমীর মাওলানা শরিফ হোসাইন, উপজেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদিন, সাবেক উপজেলা আমীর ও তালিমুল কুরআন বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মীর হোসেন, কেন্দ্রীয় ব্যবসায়ী নেতা আলহাজ্ব আবুল বাসার এবং জেলা সহকারী সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম প্রধান।

Model Hospital

বক্তারা তাদের বক্তব্যে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষায় ও ব্যবসায়বান্ধব পরিবেশ সৃষ্টিতে জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাবে বলে আশ্বাস দেন। তারা ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশকে দুর্নীতি, সন্ত্রাস ও অব্যবস্থাপনা থেকে মুক্ত করতে ইসলামি মূল্যবোধভিত্তিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন।

সভা শেষে অতিথিরা ব্যবসায়ীদের সাথে খোলামেলা আলোচনায় অংশ নেন এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।