সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে ইউএনও’র দৃষ্টান্ত: ব্যস্ত অফিস ছেড়ে ছুটে গিয়ে রক্তদান, জীবন বাঁচালেন দরিদ্র রোগীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১০:১৪ পিএম
হাজীগঞ্জে ইউএনও’র দৃষ্টান্ত: ব্যস্ত অফিস ছেড়ে ছুটে গিয়ে রক্তদান, জীবন বাঁচালেন দরিদ্র রোগীর

চাঁদপুরের হাজীগঞ্জে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এক রক্তশূন্য দরিদ্র দিনমজুরের জীবন বাঁচাতে তিনি নিজেই ১ ব্যাগ রক্তদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জের সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা খবর পান অর্থাভাবে এক দরিদ্র রোগী রক্ত না পেয়ে সংকটাপন্ন অবস্থায় হাজীগঞ্জ শুকরান হাসপাতালে ভর্তি আছেন। খবরটি দ্রুত ইউএনও ইবনে আল জায়েদ হোসেনের কাছে পৌঁছালে তিনি মুহূর্তের মধ্যেই দাপ্তরিক কাজ ফেলে হাসপাতালে ছুটে যান এবং নিজেই রক্তদান করেন।

রক্তদানের পর ইউএনও বলেন, “মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকেই আমি সবসময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে থাকতে। একজন প্রশাসক হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব মনে করি।”

Model Hospital

উল্লেখ্য, তিনি এর আগেও ১৮ বার রক্তদান করেছেন। এবারসহ মোট ১৯ বার রক্ত দিয়ে তিনি হাজীগঞ্জে মানবসেবার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।

স্থানীয়রা জানান, ইউএনও’র এই কর্মকাণ্ড হাজীগঞ্জবাসীর হৃদয়ে গভীর শ্রদ্ধা ও অনুপ্রেরণার স্থান করে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে নিয়ে চলছে প্রশংসার জোয়ার।

যখন একজন রক্ষক সেবকের ভূমিকায় অবতীর্ণ হন, তখনই বোঝা যায় তিনি কেবল দায়িত্বপালনকারী নন, বরং মানুষের জন্য নিবেদিত এক সত্যিকারের মানবিক প্রশাসক।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’