বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে কৃষিজমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:০২ পিএম
ফরিদগঞ্জে কৃষিজমি থেকে যুবকের মরদেহ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষিজমি থেকে সুজন দেবনাথ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) বিকেলের শেষ ভাগে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিরাজ এলাকার তালুকদার বাড়ির পেছনের কৃষিজমিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই নুরুল আমিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
নিহত সুজন দেবনাথ ওই এলাকার মৃত খোকন দেবনাথের ছেলে।
সুজনের মা অঞ্জলী দেবনাথ জানান, “আমার ছেলে দিনমজুরের কাজ করতো। আজ কোনো কাজে যায়নি। দুপুরে ঘর থেকে বের হয়। বিকেলে বাড়ির লোকজনের কাছ থেকে শুনে তালুকদার বাড়ির পেছনের খেতে গিয়ে দেখি আমার ছেলের লাশ পড়ে আছে।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, “ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সুজন দেবনাথের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কেউ কেউ বলছেন সাপের কামড়ে অথবা দুপুরের বজ্রপাতে তার মৃত্যু হতে পারে।”
স্থানীয়দের অনেকে আবার সন্দেহ প্রকাশ করে জানান, মৃত্যুর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। তাঁরা ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্বের সঙ্গে তদন্ত করার অনুরোধ জানান।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম বলেন, কৃষিজমি থেকে সুজন দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital