বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে গভীর রাতে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি : নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১২:০৩ এম
চাঁদপুরে গভীর রাতে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি : নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার লুট
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে এক প্রবাসীর বাসায় গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে ইউনিয়নের কুমারডুগি খান বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮ থেকে ১০ জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা গেটের তালা ভেঙে অন্য ডাকাতদের ঢোকার সুযোগ করে দেয়। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাপক মারধর চালায় এবং বাড়ির প্রতিটি রুম তন্ন তন্ন করে তল্লাশি চালায়। ডাকাতরা আলমারি ও লকার ভেঙে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা এবং বিদেশি মুদ্রা বাংলাদেশী টাকায় প্রায় আড়াই লাখ টাকাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
এ সময় ভুক্তভোগী পরিবারের প্রধান শফিক খান ও তার স্ত্রীকে গুরুতরভাবে মারধর করা হয়।
ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছে।ভুক্তভোগীর ছোট ভাই রবিউল খান জানান, “রাতের ওই ভয়াবহ ঘটনার পর পরিবারের সবাই আতঙ্কে আছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই।” এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ভুক্তভোগীরা স্বামী স্ত্রী দুজনেই শুধু এই বাড়িতে বসবাস করে আসছেন। ঐ দম্পতিদের ছেলে সম্ভবত জায়গা কেনার জন্য বিদেশ থেকে পাঠিয়েছে। তবে আমার ধারণা মতে ডাকাতদল আগে থেকেই পরিকল্পনা করে ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।