শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মসজিদের ছাদে ইজি বাইক চালক দুলালের লা শ, সংবাদ সম্মেলনে দাবি হ ত্যা

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১১:৪৬ পিএম
মসজিদের ছাদে ইজি বাইক চালক দুলালের লা শ, সংবাদ সম্মেলনে দাবি হ ত্যা
চাঁদপুরের হাইমচরে এক ইজি বাইক (অটো) চালকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও গভীর রহস্যের সৃষ্টি হয়েছে। চার দিন ধরে নিখোঁজ থাকা হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর (দুলাল) মেলকারের (৪০) দেহটি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে হাইমচর উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে উদ্ধার করে পুলিশ।
তবে, এ ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ নিহত দুলালের পরিবার। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় হাইমচর প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে দুলালের স্ত্রী তামান্না বেগম এটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে দাবি করে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন।
নিহত দুলালের স্ত্রী তামান্না বেগম জানান, গত সোমবার (২৭ অক্টোবর) ফজরের নামাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার পর দুলাল আর ফেরেননি। তিনি জানান প্রতিদিনের মতো নামাজ শেষে সকাল সাড়ে ৬টায় না ফেরায় স্বামীর মোবাইলে ফোন দেন স্ত্রী। দুপুর ১টা পর্যন্ত ফোনটি বাজতে থাকলেও কেউ ধরেনি। এরপরই ফোনটি বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় থানায় নিখোঁজ ডায়েরি করতে গেলে পুলিশ মোবাইল ট্র্যাকিং করে অবস্থান হাইমচরের মধ্যে জানতে পারে। কিন্তু নিখোঁজ ডায়েরির কপি পরিবারের কাছে দেওয়া হয়নি। চার দিন পর, বৃহস্পতিবার দুপুরে মসজিদের ছাদ থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা দুলালের অর্ধ-গলিত মরদেহ দেখতে পায়।
তামান্না বেগম সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, স্বামীর মরদেহ উদ্ধারের ধরন দেখে মনে হচ্ছে এটি নিছক মৃত্যু নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তামান্না বেগমের দাবি “আমার স্বামীর পূর্বে কারো সাথে কোনো শত্রুতা ছিল না। তবে পারিবারিকভাবে বাবা এবং ছোট ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে সামান্য ঝামেলা ছিল, যা স্থানীয়ভাবে মীমাংসা হয়েছিল। এখন আমি মনে করছি, এই মৃত্যু স্বাভাবিক নয়।”
পরিবার হত্যাকাণ্ডের সূত্র উদঘাটনের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে উপজেলা পরিষদের সিসি ক্যামেরার ফুটেজ দেখার বিষয়ে। এ প্রসঙ্গে তামান্না বেগম জানান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ফুটেজ দেখতে গেলে তিনি নিখোঁজ ডায়েরির কপি জমা দিতে বলেন। থানায় ওসি’র কাছে ডায়েরির কপি চাইলে তিনি তা দেননি। উল্টো ওসি মন্তব্য করেন— “তুমি ভিডিও দেখে কি করবা। …মসজিদে একসাথে একাধিক লোকই ঢুকতে পারে তুমি কাকে সন্দেহ করবা তখন।” ডায়েরির কপি না পাওয়ায় পরিবার আর সিসি ক্যামেরার ফুটেজ দেখতে পারেনি। প্রশাসনের এমন ভূমিকা তদন্তের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলেছে।
এদিকে হাইমচর থানা পুলিশ প্রাথমিকভাবে এটিকে অসুস্থতাজনিত মৃত্যু বলে ধারণা করছে। অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) ও হাইমচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, দুলাল কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরিবার জিডি না করলেও, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বর্তমানে থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিহত দুলালের স্ত্রী ও ছেলে সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন— নিরপেক্ষভাবে পুরো ঘটনার তদন্ত করা হোক এবং যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে, তবে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।