সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়া আসনে ধানের শীষের হাল ধরলেন ড. আনম এহছানুল হক মিলন

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৮:০৭ পিএম
কচুয়া আসনে ধানের শীষের হাল ধরলেন ড. আনম এহছানুল হক মিলন

চাঁদপুরের কচুয়া-১ আসনের ধানের শীষের প্রতীক নিয়ে লড়বেন বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার বিকালে দলের স্থায়ী কমিটির সভার পরে গুলশান অফিসে সংবাদ সম্মেলনে প্রার্থীর তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই তালিকায় কচুয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনম এহছানুল হকের নাম ঘোষণা করা হয়।

ঘোষণার খবর শুনে কচুয়া পৌর শহরে মিলন সমর্থিত নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। অনেকে মিলনের নাম ঘোষণা করায় খুশির কান্নায় ভেঙে পড়েন। কচুয়া আসনে বিএনপির ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে মনোনয়ন দৌড়ে ছিলেন।

সকলকে টপকিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির মনোনীত হলেন ড. আনম এহছানুল হক মিলন।

Model Hospital

১৯৯৬ সালে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মেজবাহ উদ্দিন খানকে পরাজিত করে ধানের শীষের প্রতীক নিয়ে মাঠে লড়ে আ ন ম এহছানুল হক মিলন বিজয় ছিনিয়ে আনেন। তারপর ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ড. মহীউদ্দিন খান আলমগীরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করেন।

এই নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।