ভূমিকম্পে সারা দেশে নিহত ৬
“রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পে শিশুসহ ছয়জন নিহত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ভূমিকম্পে সারা দেশে শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধস ও হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জানা গেছে-পুরান ঢাকায় সকাল ১০টা ৩৮ এ ভূমিকম্পে একটি আটতলা ভবনের ছাদের রেলিং ধসে তিনজনের মৃত্যু হয়েছে। বংশাল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশিস কুমার ঘোষ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একটি ভবনের ছাদের রেলিং ধসে নিচে পড়ে। এতে তিন পথচারী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।”

স্থানীয়রা জানান-নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

এদিকে মিটফোর্ড হাসপাতাল থেকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকারিয়া হোসেন নয়ন ফায়ার সার্ভিসকে বলেন, মিটফোর্ড হাসপাতালে তিনজন মারা গেছেন। ১০ জন আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

এএসআই জাকারিয়া হোসেন নয়নের বরাতে ফায়ার সার্ভিস আরও জানায়-পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি আটতলা ভবনের পাশের দেওয়াল এবং কার্নিশ থেকে ইট ও পালেস্তারা খসে নিচে পড়ে, যেখানে একটি গরুর মাংস বিক্রির দোকান ছিল। সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীতে ভূমিকম্পে নিহত-২, আহত অর্ধশতাধিক
নরসিংদী থেকে প্রতিবেদক বিশ্বজিৎ সাহা জানান, নরসিংদীর পলাশ উপজেলায় মাটির দেওয়াল ধসে চাপা পড়ে কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নরসিংদীর গাবতলিতে আরও একজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তার নাম পরিচায় জানা যায়নি।
এ ছাড়া এই জেলায় ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বিভিন্ন ভবন থেকে নামার সময় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরি হোসেন মৃধা বৃদ্ধ কাজম আলীর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পলাশের মালিতা গ্রামে মাটির দেওয়াল ধসে চাপা পড়ে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভূমিকম্পের সময় রেলিং ভেঙে পড়ে তিনজনসহ আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে ৫৫ জন। আহত শতাধিক নারী, পুরুষ ও শিশু নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জে ভূমিকম্পে নবজাতকের মৃত্যু, আহত-২
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে প্রতিবেদক শাকিল আহম্মেদ জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেওয়াল ধসে ফাতেমা (১) নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান-সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থলে হয়ে ভুলতা গাউছিয়া যাওয়ার সময় সড়কের পাশের দেওয়াল ধসে নবজাতক ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়। আহত অবস্থায় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন-ভূমিকম্পে দেওয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ফারজানা সুলতানা আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি।
জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ব্যবস্থা গ্রহণ করছে সরকার
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের ঘটনায় জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ব্যবস্থা গ্রহণ করছে সরকার। আজ শুক্রবার (২১ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুকে ‘প্রধান উপদেষ্টার বার্তা’ শীর্ষক ওই পোস্টে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।








