হাজীগঞ্জে হাসপাতাল ও রেস্টুরেন্টসহ সাত প্রতিষ্ঠানকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে হাসপাতাল, রেস্টুরেন্ট ও ফার্মেসিসহ সাতটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুরে হাজীগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল, হাসপাতাল ও ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং সেবার নামে প্রতারণার অভিযোগে এসব জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও পচা-বাসী খাবার সংরক্ষণের দায়ে হাজী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অপরাধে নবাবী হোটেলকে ১৫ হাজার এবং রিজিক হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ সস ব্যবহারের দায়ে খাওয়া দাওয়া হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মিডওয়ে ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে ডেঙ্গু পরীক্ষার অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে হাজীগঞ্জ জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা এবং ভুয়া ‘ডক্টর’ পদবি ব্যবহার করে প্রতারণার দায়ে দেশ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জনস্বার্থে এ ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জরিমানার অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছে এবং ভবিষ্যতে অনিয়ম না করার অঙ্গীকার করেছে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন এবং যৌথ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।








